জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বের দেশগুলো এক টেবিলে বসার প্রাতিষ্ঠানিক পথ শুরু হয়েছিল ১৯৯২ সালের জাতিসংঘ জলবায়ু সনদ থেকে। তিন বছর পর, ১৯৯৫ সালে বার্লিনে বসে প্রথম কপ। এরপর ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল, ২০১৫ সালের প্যারিস চুক্তি, ক্ষয়ক্ষতি তহবিল এবং নতুন জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি এই দীর্ঘ পথের গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রত্যাশার সবটাই পূরণ হয়নি। প্রতিশ্রুত অর্থ অনেক সময় দেরিতে এসেছে, প্রয়োজনের তুলনায় কম এসেছে, আর বৈশ্বিক উষ্ণায়নকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পথও এখনো কঠিন। তবু কপ প্রক্রিয়া থামেনি। এক সম্মেলনের অসম্পূর্ণ কাজ পরের সম্মেলনের আলোচ্য হয়েছে। জাতিসংঘ জলবায়ু দপ্তরও বলছে, কোনো একক কপ জলবায়ু সংকটের সমাধান করতে পারে না, কিন্তু প্রতিটি কপ আগেরটির ওপর দাঁড়িয়ে এগোয়। এই ধারাবাহিকতাই হয়তো কপের সবচেয়ে বড় আশার জায়গা। এই ধারাবাহিকতা ছোট অর্জন নয় মোটেও। এই দীর্ঘ প্রক্রিয়ার ৩১তম অধ্যায় এখন তুরস্কের আনতালিয়ায়। কপ৩১ চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আয়োজক তুরস্ক, কপ সভাপতির দায়িত্বে মুরাত কুরুম এবং আলোচনার নেতৃত্বে অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন। এবারের আলোচনায় অভিযোজন, ক্ষয়ক্ষতি, দীর্ঘমেয়াদি জলবায়ু অর্থায়ন ও বিভিন্ন জলবায়ু তহবিলের বিষয় রয়েছে। শুরুতেই জলবায়ু অর্থায়ন নিয়ে একটি স্বতন্ত্র কর্মসূচি জায়গা পেয়েছে, কিন্তু অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব আলাদা আলোচ্য হিসেবে গৃহীত হয়নি। অর্থাৎ পুরনো প্রশ্নই আবার সামনে এসেছে, প্রতিশ্রুতির অর্থ কোথা থেকে আসবে, কতটা অনুদান হবে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো কতটা পাবে। এই পটভূমিতেই বাংলাদেশের অবস্থান নতুন গুরুত্ব পেয়েছে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে আমাদের দায় খুবই সামান্য, অথচ ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও তাপপ্রবাহের ক্ষতি বহনের ক্ষেত্রে বাংলাদেশ সামনের সারিতে। আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যও সেই প্রশ্ন তুলেছে। যারা দূষণ কম করেছে, তারা কেন জলবায়ু ক্ষতির বোঝা সামলাতে গিয়ে নতুন ঋণের ফাঁদে পড়বে? এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচটি প্রস্তাব রেখেছেন।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে দিতে হবে। দ্বিতীয়ত, ঋণচাপে থাকা ঝুঁকিপূর্ণ দেশের জন্য ডেট ফর ক্লাইমেট সোয়াপ এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজের মতো ঋণ স্বস্তির ব্যবস্থা দরকার। তৃতীয়ত, পরিবেশবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশের ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে। পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যকে সামনে রেখে বেলেম আনতালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাঁচ দফার সঙ্গে বাংলাদেশ নিজস্ব কিছু লক্ষ্যও তুলে ধরেছে। ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানো, ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ, পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে অঙ্গীকারের ওজন বাড়ে তখনই, যখন দেশে তার অগ্রগতি দেখা যায়। সৌরবিদ্যুৎ কতটা গ্রিডি যুক্ত হলো, কত গাছ টিকে থাকল, নদী ও খাল খননে কোথায় জলাবদ্ধতা কমল এসব তথ্য প্রকাশ করা গেলে বাংলাদেশের দাবিও আরও বিশ্বাসযোগ্য হবে।
অর্থের প্রয়োজন কতটা বড়, সেটি জাতিসংঘ পরিবেশ কর্মসূচির হিসাবেই বোঝা যায়। ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনে বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার লাগতে পারে। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক সরকারি উৎস থেকে অভিযোজন অর্থায়ন এসেছে প্রায় ২৮ থেকে ৩২ বিলিয়ন ডলার। বাকুর কপ-২৯ এ ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জোগাড়ের লক্ষ্য নেওয়া হয়েছিল। সব উৎস মিলিয়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর কথাও বলা হয়। কিন্তু ঘোষিত লক্ষ্য আর হাতে পাওয়া অর্থ এক জিনিস নয়। এখানেই বাংলাদেশের অনুদানভিত্তিক অর্থায়নের দাবি যুক্তি পায়। এবার বাংলাদেশের প্রাপ্তির দিকে আসা যাক। কপ৩১ চলাকালে বাংলাদেশ ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস, সংক্ষেপে সিআইএফের নতুন অ্যাকসেলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ, সংক্ষেপে অ্যারাইজ কর্মসূচির প্রথম ধাপে নির্বাচিত হয়েছে। এর আওতায় বাংলাদেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলারের ফাইন্যান্সিং চেয়ে একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করতে পারবে। কিছু প্রতিবেদনে এটিকে নিশ্চিত অনুদান হিসেবে লেখা হয়েছে। কিন্তু সিআইএফের ভাষা আরও সতর্ক। নির্বাচিত দেশগুলো ওই অঙ্ক পর্যন্ত অর্থায়নের জন্য পরিকল্পনা জমা দেবে। বাংলাদেশের ক্ষেত্রে অগ্রাধিকার হবে উপকূলীয় সহনশীলতা ও জলবায়ুবান্ধব কৃষি। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। অর্থ পাওয়ার সুযোগ তৈরি হওয়া এবং অর্থ হাতে পাওয়া এক কথা নয়। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনায় ২০২৩ থেকে ২০৫০ পর্যন্ত ১১৩টি অগ্রাধিকারমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলা হয়েছে। সেই তুলনায় ৩০ মিলিয়ন ডলার ছোট অঙ্ক। তারপরও সুযোগটি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। তুর্কি বিনিয়োগকারীদের বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক বিচার আদালত, অর্থাৎ আইসিজে, জাতিসংঘ, অর্থাৎ ইউএন, এবং ইসলামী সহযোগিতা সংস্থা, অর্থাৎ ওআইসিতে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার অনুরোধও এসেছে। এই বৈঠকে কোনো বড় চুক্তি বা সমঝোতা স্মারক হয়নি। সেটি নিয়ে হতাশ হওয়ারও কারণ নেই। আধা ঘণ্টার একটি উচ্চপর্যায়ের বৈঠকের কাজ অনেক সময় চুক্তি করা নয়, বরং সহযোগিতার দিক ঠিক করা। তবে এর পরের ধাপই আসল। প্রতিরক্ষায় যৌথ বিনিয়োগ বাস্তবে রূপ নিলে স্থানীয় উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, রক্ষণাবেক্ষণ সক্ষমতা এবং দক্ষ জনবল তৈরির সুযোগ হতে পারে। খেয়াল রাখতে হবে, তুরস্কের সঙ্গে এই সহযোগিতা যেন অন্য অংশীদার দেশের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে অপ্রয়োজনে জটিল না করে। সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, কিন্তু ভারসাম্য রেখেই। নবায়নযোগ্য জ্বালানিতে তুর্কি বিনিয়োগের সম্ভাবনাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখনো জ্বালানি আমদানির ওপর অনেকখানি নির্ভরশীল। সৌর, বায়ু বা অন্য নবায়নযোগ্য প্রকল্পে নতুন বিনিয়োগ এলে জ্বালানি উৎস বৈচিত্র্যময় হবে এবং জলবায়ু কূটনীতি অর্থনৈতিক কূটনীতির সঙ্গে যুক্ত হবে। তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে একটি বড় শিল্প অর্থনীতি। যৌথ উৎপাদন বা নতুন বাজার তৈরি হলে বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্যের সুযোগ বাড়তে পারে। তবে শুধু রাজনৈতিক সদিচ্ছা যথেষ্ট নয়। কাস্টমস, করনীতি, বিনিয়োগ অনুমোদন, জ্বালানি সরবরাহ ও আইনশৃঙ্খলায় পূর্বানুমেয়তা দরকার।
রোহিঙ্গা প্রশ্নে তুরস্কের সমর্থনের প্রভাব তাৎক্ষণিক নয়, কিন্তু কৌশলগত। প্রত্যাবাসনের ভবিষ্যৎ মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার ওপর নির্ভর করবে। তবু আইসিজে, ইউএন ও ওআইসিতে একটি প্রভাবশালী রাষ্ট্রের ধারাবাহিক সমর্থন আন্তর্জাতিক চাপ ধরে রাখতে সাহায্য করতে পারে। মানবিক সহায়তার বৈশ্বিক বাজেট যখন সংকুচিত হচ্ছে, তখন এই কূটনৈতিক সমর্থনের মূল্য কম নয়। তাহলে হিসাবটি কী দাঁড়ায়? সম্মেলন এখনো শেষ হয়নি, তাই প্রত্যাশা ও প্রাপ্তির চূড়ান্ত খাতা বন্ধ করার সময় আসেনি। এ পর্যন্ত তিনটি বিষয় স্পষ্ট। প্রধানমন্ত্রী পাঁচ দফায় বাংলাদেশের জলবায়ু অর্থায়নের অবস্থান পরিষ্কার করেছেন। সিআইএফের অ্যারাইজ কর্মসূচি অর্থায়নের একটি দরজা খুলেছে, যদিও ৩০ মিলিয়ন ডলারের ফাইন্যান্সিং এখনো পরিকল্পনা ও অনুমোদনের ধাপ পেরোবে। আর তুরস্কের সঙ্গে আলোচনা জলবায়ু কূটনীতিকে প্রতিরক্ষা, জ্বালানি, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রশ্নের সঙ্গে যুক্ত করেছে। আমাদের পুরনো অভ্যাসও বদলানো দরকার। আন্তর্জাতিক সম্মেলন শেষে আমরা প্রায়ই কত ডলার, কত প্রস্তাব, কত বৈঠক হয়েছে তা হিসাব করি। কিন্তু আসল প্রশ্ন, ছয় মাস পর কী হলো। অ্যারাইজের বিনিয়োগ পরিকল্পনা জমা পড়ল কি না, পাঁচ দফার কোনটি চূড়ান্ত সিদ্ধান্তে জায়গা পেল, তুরস্কের সঙ্গে আলোচনার কোনো বিষয় সময়বদ্ধ কর্মপরিকল্পনায় গেল কি না, এসব তথ্য প্রকাশ করা গেলে কূটনীতির বাস্তব ফলও বোঝা যাবে। বাংলাদেশের নৈতিক যুক্তি শক্তিশালী। আমরা কম দূষণ করেছি, কিন্তু বেশি ক্ষতি বহন করছি। এই সত্য আন্তর্জাতিক মঞ্চে বলতেই হবে। তবে নৈতিক অবস্থানের সঙ্গে প্রস্তুত প্রকল্প, নির্ভরযোগ্য ডেটা, স্বচ্ছ ব্যয় এবং ধারাবাহিক অনুসরণও দরকার। একইভাবে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা বাস্তব হয় তখনই, যখন দেশে ফিরে দায়িত্বপ্রাপ্ত সংস্থা, সময়সীমা ও কাজের তালিকা ঠিক হয়। আনতালিয়ায় বাংলাদেশের পাঁচ দফা জলবায়ু প্রস্তাবের পাশাপাশি এসেছে সিআইএফের অ্যারাইজ কর্মসূচির আওতায় অর্থপ্রাপ্তির সুযোগ এবং তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতার আলোচনা। এখন দৃষ্টি বাস্তবায়নে। আনতালিয়া থেকে বাংলাদেশের প্রাপ্তি তাই এখনো অসম্পূর্ণ হিসাব। অনুদানের দাবি ন্যায্য, ৩০ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্থায়ন ইতিবাচক, তুরস্কের সঙ্গে আলোচনার পরিধিও আশাব্যঞ্জক। কিন্তু কপের সাফল্য মাপা হবে কত অর্থ বাস্তবে এলো, কোন প্রকল্পে গেল, কত মানুষের ঝুঁকি কমল এবং দ্বিপক্ষীয় আলোচনার কতটা কাজের রূপ পেল।
লেখক : আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতিবিষয়ক বিশ্লেষক। গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফেলিসিয়ানো স্কুল অব বিজনেস, মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
imamm2@montclair.edu