শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো

দেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো এ মেলার আয়োজন করেছে। ১৭ নভেম্বর শেষ হবে এই এক্সপো। 

গতকাল শনিবার ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসান আরিফ। আয়োজকরা জানান, এতে দেশি-বিদেশি ১৬১টি প্রতিষ্ঠান অংশ নেবে এবং এতে ২৪০টি স্টল থাকবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ ও মো. রুহুল আমিনসহ অন্য পরিচালকরা।

ইপিবির ভাইস চেয়ারম্যান হাসান আরিফ বলেন, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশের ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান এ আয়োজনে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরবে।

তিনি বলেন, অংশগ্রহণকারী রপ্তানি খাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।

তিনি বলেন, তিন দিনব্যাপী এ আয়োজনে চারটি বিশেষ সেমিনার, কারখানা পরিদর্শন, ব্যবসায়িক বৈঠক (বিটুবি), নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন থাকছে। এতে বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন প্রতিনিধি এবং বিভিন্ন দেশের রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও অংশ নেবেন।

ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, এ এক্সপোর মাধ্যমে দেশের উৎপাদক ও রপ্তানিকারকরা নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান পাবেন।