পর্যটকের চাপে বিপর্যয়ের মুখে সেন্টমার্টিন

পর্যটকদের জন্য দীর্ঘ বিরতির পর খুলেছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। এতে স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। কিন্তু পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। সেন্টমার্টিন দ্বীপের সর্বোচ্চ ধারণক্ষমতা ৪ থেকে ৫ হাজার মানুষ। অথচ এবারে পর্যটন মৌসুমে প্রতিদিন দ্বীপে সাড়ে ৩ হাজার পর্যটক আসার অনুমতি পেয়েছেন। ফলে স্থানীয় ১০ হাজারেরও বেশি মানুষ যুক্ত হয়ে দ্বীপে প্রতিদিন প্রায় ১৪ হাজার মানুষ অবস্থান করছেন, যা ধারণক্ষমতার ৩ গুণেরও বেশি। দ্বীপের এমন অপরিকল্পিত ব্যবহারে পরিবেশবিদদের প্রশ্ন, অতিরিক্ত পর্যটকের চাপ সামলানোর মতো সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা কি দ্বীপে রয়েছে?

ভূপ্রকৃতি গবেষণাকারী বিভিন্ন সংস্থার তথ্যমতে, প্রাকৃতিকভাবেই সেন্টমার্টিনের মূল ভূখ- অত্যন্ত নরম ও দুর্বল। আট বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের চারপাশ প্রবাল পাথর, সামুদ্রিক বালু, শামুক-ঝিনুকের খোলস ও পাললিক শিলা দিয়ে গঠিত; আর মূল ভূখ-ে রয়েছে বেলে কাদামাটি, সামুদ্রিক পলি ও চুনাপাথর। ফলে দ্বীপটির বর্জ্য ধারণক্ষমতা খুবই কম এবং এটি কোনো ভারী অবকাঠামো সহ্য করতে পারে না।

অথচ বিগত এক দশকে দ্বীপটির ওপর মানুষের চাপ ও অবকাঠামোগত আগ্রাসন আশঙ্কাজনক হারে বেড়েছে। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. গোলাম কিবরিয়া বলেন, সেন্টমার্টিনে মূলত কোনো মাটি নেই; ওখানকার ভূখ- কেবল বালু, চুনাপাথর ও প্রবাল দিয়ে গঠিত।

পরিবেশ অধিদপ্তর ও টেকনাফ উপজেলা পরিষদের তথ্যমতে, ২০১৫ সালে সেন্টমার্টিনে ৮ হাজার মানুষের বিপরীতে বর্তমানে দ্বীপের বাসিন্দা রয়েছেন সাড়ে ১০ হাজার। ওই সময়ে সর্বোচ্চ ৫০টি হোটেল-রিসোর্টের জায়গায় এখন গড়ে উঠেছে ১০-১২টি বহুতল ভবনসহ ২৫০টিরও বেশি স্থাপনা। এ ছাড়া সে সময়ের ৪৫.২৬ হেক্টর বসতবাড়ি ও আবাসিক এলাকা বর্তমানে দ্বিগুণ বেড়ে হয়েছে ৮৬.১৩ হেক্টর। ফলে তখনকার ৯৭ হেক্টর কৃষিজমি কমে এখন দাঁড়িয়েছে মাত্র ৫৫.৬ হেক্টরে। অথচ অনুমোদনহীন স্থাপনা তৈরির বহু আগেই ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ইসিএ) ঘোষণা করেছিল সরকার।

গত ৯ মাস পর্যটন বন্ধ থাকায় সমুদ্রের পানির গুণগত মানের লক্ষণীয় উন্নতি ঘটেছে বলে সম্প্রতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের একটি গবেষণা দল। গবেষণা দলটির সদস্য অধ্যাপক ড. মো. জোবায়ের আলম জানান, মানুষের সমাগম ও জাহাজ চলাচল বন্ধ থাকায় সাগরের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বেড়েছে। বর্জ্য ও দূষণ না থাকায় সামুদ্রিক প্রতিবেশ ব্যবস্থা তার স্বাভাবিক ভারসাম্য ফিরে পাচ্ছে।

কিন্তু বৈজ্ঞানিক গবেষণাকে বিবেচনা না করেই চলতি বছরে রাত্রিযাপন সুবিধাসহ প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া শুরুতে পর্যটক প্রতি ১০০ টাকা পরিবেশ ফি নেওয়ার সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল করা হয়েছে।

সেন্টমার্টিনের ধারণক্ষমতা নিয়ে গবেষণা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, সেন্টমার্টিনকে সাধারণ পর্যটন এলাকায় নয়; বরং একটি সংরক্ষিত বিশেষ পর্যটন জোন হিসেবে গড়ে তোলা উচিত। পরিবেশ ফি বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সস্তা জনপ্রিয়তার লোভে এটি বাতিল করা হয়েছে।

সরেজমিনে দ্বীপটি ঘুরে দেখা গেছে, প্রাকৃতিকভাবে সুরক্ষাদানকারী কেয়াবন এখন প্রায় উজাড়। মূল সড়কের দুই ধারে এবং পশ্চিম তীর ঘেঁষে দক্ষিণে কেয়াবন কেটে তৈরি হয়েছে ইটের বেষ্টনী, বাঁধ, রিসোর্ট, রেস্তোরাঁ ও অসংখ্য দোকানপাট। এ ছাড়া দ্বীপের উত্তর, উত্তর-পূর্ব এবং পশ্চিম সৈকতে মারাত্মক ভাঙন ধরেছে। বিশেষ করে উত্তর পাড়া, ডেইল পাড়া, পশ্চিম পাড়া, নজরুল পাড়া ও পূর্ব পাড়ায় সাগরের ঢেউয়ের আঘাতে এবং স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচুতে জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় সৈকতের বালিয়াড়ি ধসে যাচ্ছে। ডেইল পাড়া ও উত্তর পাড়ার একাংশ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং সৈকতের শত শত নারকিলগাছ ও কেয়াবন শিকড় উপড়ে সাগরে বিলীন হয়ে যাচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল বলেন, প্রাকৃতিক সম্পদের নির্দিষ্ট ধারণক্ষমতা না মানলে সেন্টমার্টিনে বড় ধরনের মহাবিপর্যয় ঘটবে।

কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট  বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মইনুল হাসান পলাশ বলেন, পরিকল্পনাহীনতায় এই ছোট ভূখ-টি ধ্বংসের পথে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. আল আমীন বলেন, দ্বীপ বাঁচলেই ব্যবসা ও পর্যটন বাঁচবে। দ্বীপ রক্ষার্থে এর ধারণক্ষমতা মাথায় রেখে স্থানীয় জনগোষ্ঠীকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা দরকার।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান জাহাজ ও রিসোর্ট মালিকদের চাপে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবেশগত দিক বিবেচনায় নিয়ম আরও কঠোর হওয়া উচিত ছিল।

সাবেক এই উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনের প্রায় সব রিসোর্টই অবৈধ। পর্যটক বাড়িয়ে এই অবৈধ রিসোর্টগুলোকে বৈধতা দেওয়া তো আইনের শাসনের জন্য খারাপ বার্তা।