মাহদীর বাসায় বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ভিন্ন কথা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম

বিভিন্ন সময়ে নানাভাবে আলোচনায় আসা হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান গত শুক্রবার মাঝরাতে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা। ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হকের ভাষ্যÑ ‘চাচার বাড়িতে আগুন দেখতে পেয়ে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে এসে তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।’

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ি।’

গতকাল শনিবার সকালে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘পেট্রোল বোমার কোনো বোতল আশপাশে পাওয়া যায়নি। আমার বোন আগুন দেখে চিৎকার দিলে আমি ঘুম থেকে উঠি। এ সময় আনোয়ার চাচার বিদ্যুৎ মিটারে আগুন দেখতে পাই।’

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফিরে এসে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, ‘পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। মাহদী হাসানের ঘর থেকে ২০/৩০ ফুট দূরে তার চাচা আনোয়ার আলীর বাড়িতে বিদ্যুৎচালিত টমটমের চার্জ দেওয়া হয়। ওই বাড়ির একটি বিদ্যুৎ মিটার সম্ভবত শর্টসার্কিটের কারণে পুড়ে গেছে। মাহদী এ ঘটনাটিকে পেট্রোল বোমা নিক্ষেপ বলে দাবি করছেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত