ক্ষেতেই পচছে ফসল

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে বিভিন্ন দাবিতে চলা অনির্দিষ্টকালের অবরোধ আজ রবিবার ২৫ দিনে গড়িয়েছে। গত ২২ অক্টোবর শুরু হওয়া এই কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যায়নি। অবরোধ আহ্বানকারী দুই সংগঠনের মধ্যে ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ তাদের অবরোধ অব্যাহত রেখেছে। ফলে কার্যত অচল হয়ে পড়েছে সাজেকের পর্যটন, সড়ক যোগাযোগ ও স্বাভাবিক অর্থনৈতিক কর্মকা-।

দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য থাকায় সাজেকের পর্যটননির্ভর অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে। রিসোর্ট-কটেজ, রেস্তোরাঁ, দোকানপাট ও পরিবহন খাতের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েকশ শ্রমিক ও কর্মচারী। অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং বাজারব্যবস্থা ভেঙে পড়ায় স্থানীয় কৃষকরাও চরম বিপাকে পড়েছেন। উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য বিক্রি করতে না পারায় অনেক কৃষকের ফসল ক্ষেতেই নষ্ট হচ্ছে। এতে পর্যটন ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ পাহাড়ি পরিবারগুলোর মাঝেও তীব্র হতাশা ও অনিশ্চয়তা বিরাজ করছে।

অবরোধের প্রভাবে সাজেকের পর্যটন খাতের ক্ষতির চিত্র ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, সাজেকে ১১৬টির বেশি রিসোর্ট-কটেজ, ১৪টি রেস্তোরাঁ এবং শতাধিক ছোট-বড় দোকান রয়েছে। পর্যটক না থাকায় এসব প্রতিষ্ঠানের অধিকাংশই এখন বন্ধ কিংবা সীমিত পরিসরে চলছে। এদিকে পর্যটক পরিবহনে ব্যবহৃত চাঁদের গাড়ি ও মাহেন্দ্রসহ কয়েকশ যানবাহন দীর্ঘদিন ধরে অলস পড়ে আছে। চাকা না ঘোরায় এসব যানবাহনের চালক ও সহকারীরা চরম মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই ধারদেনা করে সংসার চালাচ্ছেন। পাশাপাশি, গাড়ির মালিকদের মাঝেও ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, সাজেকের পর্যটননির্ভর অর্থনীতিতে সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। পর্যটক না থাকায় রিসোর্ট-কটেজ, রেস্তোরাঁ, পরিবহন, স্থানীয় দোকানপাটসহ পর্যটনসংশ্লিষ্ট প্রায় সব ধরনের ব্যবসা কার্যত বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে এ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অবরোধ দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ব্যবসায়ী, কটেজ মালিক ও কর্মচারীরা পুঁজি হারিয়ে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

সাজেকের দোকানদার লাকি ত্রিপুরা বলেন, রিসোর্ট-কটেজ বন্ধের পাশাপাশি দীর্ঘদিন ধরে সব রেস্তোরাঁর কার্যক্রমও বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত অনেক কর্মচারী প্রথম দিকে সাজেকে অবস্থান করলেও অবরোধ দীর্ঘায়িত হওয়ায় খাবারের সংকটে বিভিন্নভাবে নিজেদের গ্রামের বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে সাজেকে বাইরের মানুষের উপস্থিতি খুবই কম। স্থানীয়দের উৎপাদিত শাকসবজি ও ডিমের ওপর নির্ভর করেই কোনোভাবে জীবন চলছে। দোকানগুলোতে নতুন করে পণ্য সরবরাহ না থাকায় অনেক দোকানেও মালপত্র শেষ হয়ে গেছে। ফলে অধিকাংশ দোকান বন্ধ রাখতে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাজেকের অর্থনীতি মূলত পর্যটন, কৃষি ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসার ওপর নির্ভরশীল। পর্যটক আসা বন্ধ থাকায় একদিকে পর্যটন ব্যবসায়ীদের আয় বন্ধ হয়েছে, অন্যদিকে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় কৃষিপণ্য বাজারজাত করাও কঠিন হয়ে পড়েছে। পাহাড়ে উৎপাদিত শাকসবজি, ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য যথাসময়ে বাজারে নিতে না পারায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পণ্য পরিবহনের সুযোগ না থাকায় অনেক ক্ষেত্রে উৎপাদিত ফসল ক্ষেতেই পড়ে থাকছে। ফলে আয় বন্ধ হওয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ নিয়েও স্থানীয়দের ভোগান্তি বাড়ছে।

সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, প্রায় এক মাসের অবরোধে সাজেকের পর্যটনশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় উদ্যোক্তারা হতাশ হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারাও বেকার সময় পার করছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে সাজেকের পর্যটনশিল্প অস্তিত্বের সংকটে পড়বে এবং এ খাতের ওপর নির্ভরশীল শত শত মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।