ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকারের কোনো বিকল্প নেই। তবে নেতানিয়াহুর এই আহ্বানকে রাজনৈতিক কৌশল ও ‘চালাকি’ বলে প্রত্যাখ্যান করেছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট।
শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে তার বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।
নেতানিয়াহুর দাবি, এ ধরনের সরকার গঠিত হলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে। তার অভিযোগ, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না।
তিনি বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই চলুন, আমরা একই কক্ষে বসে আলোচনা করি।’
তবে নেতানিয়াহুর এই আহ্বানের কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাখ্যান করেন সাবেক সেনাপ্রধান আইজেনকট। তিনি বলেন, নেতানিয়াহু জানেন যে নির্বাচনে তিনি হেরে গেছেন।
আইজেনকট বলেন, ‘আলোচনা যখন এরই মধ্যে চলছে, তখন নেতানিয়াহু নতুন করে আলোচনার আহ্বান জানাচ্ছেন। এসব কৌশল আমার সঙ্গে কাজ করবে না।’
সরকার গঠনে কার কত আসন
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আইজেনকটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। তার পক্ষে আরব নেতৃত্বাধীন দলগুলোর সদস্যসহ ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন জানান। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন।
সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তবে তিনি তার সরকারে আরব নেতৃত্বাধীন দলগুলোকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত জানিয়েছেন।
আইজেনকটের পরিকল্পনা অনুযায়ী, সংখ্যালঘু ‘জাতীয় জরুরি সরকার’ গঠন করা হবে। এতে তার জোটের ৪৮ জন আইনপ্রণেতা সরকারের পক্ষে ভোট দেবেন। নেতানিয়াহুর সমর্থক ৪৬ জন ভোট দেবেন বিপক্ষে। অন্যদিকে আরব ও অতি-রক্ষণশীল দলগুলোর ২৬ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত থাকতে পারেন। এতে নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই তার সরকার অনুমোদন পাওয়ার সুযোগ তৈরি হবে।
তবে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, এ ধরনের সরকার গঠিত হলে ইসরায়েলের ‘পতন’ ঘটবে।
ঐক্য সরকার নিয়ে মতবিরোধ
নেতানিয়াহুর প্রস্তাবিত ঐক্য সরকারে মধ্যপন্থী ও ডানপন্থী ইহুদি দলগুলোকে রাখার কথা বলা হয়েছে। তবে আরব দলগুলোকে বাদ দেওয়ার পক্ষে তিনি ও তার মিত্ররা। এমনকি আরব নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনে ‘কারচুপি করে’ জয় ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। যদিও এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।
শুক্রবার নেতানিয়াহুর এই প্রচারকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দেন আইজেনকট।
তিনি জানিয়েছেন, ঐক্যের ব্যাপারে আন্তরিকতা থাকলে নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়নবাদ দলের সঙ্গেও কাজ করতে পারেন তিনি। তবে তার শর্ত, উগ্রপন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। বিশেষ করে কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের সমর্থকদের সরকারে রাখা যাবে না।
এদিকে আগামী মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে এই পদে রয়েছেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র আমির ওহানা। তার পরিবর্তে সাবেক সামরিক কর্মকর্তা মাতান কাহানাকে প্রার্থী করেছে বিরোধী জোট।
সরকার গঠন নিয়ে দুই পক্ষের টানাপোড়েনের মধ্যে স্পিকার নির্বাচনকে ঘিরেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।