কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

রাজধানী বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণ মারা গেছেন। রবিবার (১৫ নভেম্বর) ভোরে বস্তির পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত শুভ্র মনির হোসেন ও মোর্শেদা আক্তার মিতার ছেলে। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।

বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।