আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

এর আগে, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলা নথিভুক্ত করা হয়। এরপর শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল চট্টগ্রাম নগরের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের স্পর্শকাতর অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারের (এফআইআর) বরাতে সিএমপি কর্মকর্তারা জানান, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে পাঠানো একটি বার্তায় ডিসেম্বরে মানুষ ‘মৌমাছির মতো’ রাস্তায় নামবে বলে উল্লেখ করা হয়েছিল। এছাড়া বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে তার অংশগ্রহণ, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সমর্থন এবং ‘বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...’ এমন বক্তব্য পাওয়া গেছে। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল তা এখনো শনাক্ত করা যায়নি।

প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার পর গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেন। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকার পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ (স্পেশাল রেসপন্স ইউনিট) বা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে। পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে একটি বিভাগীয় তদন্তও চলমান রয়েছে।