মুক্তি পেলেন 'ভাইরাল' অ্যাডভোকেট কামাল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

অবশেষে আদালতের নির্দেশে পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রামের ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিন। এর আগে আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরের কর্ণফুলী থানা এলাকার বাসা ঘেরাওয়ের পর তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় তাঁকে আদালতে পাঠানো হয়। পরিবারের কেউ নিতে না আসায় আজ বিকেলে আদালতের নির্দেশে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, কিছু লোক পলাতক আওয়ামী লীগ সভাপতি হিসেবে ফেসবুকে ভাইরাল হওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাও করেন। পুলিশ তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হয়। পরে দুপুর আড়াইটার দিকে ৮৮ ধারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান তিনি।

শনিবার সকালে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় নিজের বাসায় ছিলেন কামাল উদ্দিন। এ সময় স্থানীয় কিছু লোক তাঁর বাসা ঘেরাও করেন। তাঁদের নেতৃত্বে ছিলেন দিদার হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।

কামাল উদ্দিন গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করে আসছিলেন। সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করে আলোচনায় আসেন তিনি। দেশের ৬৪ জেলায় কমিটি গঠনের ঘোষণাও দিয়েছিলেন। কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত