ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্তে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে সীমান্ত এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।