পরশুরামে ডা. ফরিদ উদ্দিন মেমোরিয়াল চেম্বার উদ্বোধন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব সাতকুচিয়া গ্রামে ‘ডা. ফরিদ উদ্দিন মেমোরিয়াল ডক্টর চেম্বার’ উদ্বোধন করা হয়েছে। প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের স্মৃতি ও মানবসেবার স্বপ্নকে ধারণ করে তার প্রবাসী বড় ভাই শফি উদ্দিন আহমদ দিদারের উদ্যোগে পৈতৃক বাড়িতে এ চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক নেসার আহমেদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. ফরিদ উদ্দিন আহমেদ, আয়কর আইনজীবী মোহাম্মদ ইউনুস, ইসহাক আহমেদ ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও গ্রামের শতাধিক মানুষ।

অনুষ্ঠানে প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। পরে চেম্বারটির উদ্বোধন উপলক্ষে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, গ্রামীণ জনপদে সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে এলাকার অসহায় ও সাধারণ মানুষ এর মাধ্যমে সহজেই চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

তাদের প্রত্যাশা, ‘ডা. ফরিদ উদ্দিন মেমোরিয়াল ডক্টর চেম্বার’ কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয় বরং প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের মানবসেবা ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন বাস্তবায়নের একটি অনন্য উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত