যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হতে রবিবার গভীর রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড। দেশজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে থাকলেও যাত্রীদের ভোগান্তি এখনো কাটেনি। খবর রয়টার্স।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট (বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টা ৩৫ মিনিট) পর্যন্ত ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগের দিন শুক্রবার এফএএর নির্দেশে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত হয়। রবিবারের জন্য নির্ধারিত ৮৭৫টি ফ্লাইটও আগাম বাতিল করা হয়েছে।
শনিবার ব্রায়ান বেডফোর্ড বলেন, রবিবার গভীর রাত নাগাদ অধিকাংশ বিমান সংস্থার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশা করছেন। এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বিমান চলাচলব্যবস্থা এখনো স্থিতিশীল রয়েছে।
শুক্রবার এফএএ দেশজুড়ে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এতে প্রায় পাঁচ ঘণ্টা যুক্তরাষ্ট্রের প্রায় সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ ছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশটিতে বিমান চলাচলে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের দেশব্যাপী স্থগিতাদেশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভোগান্তির দিনগুলোর একটি হয়ে ওঠে শুক্রবার।
প্রথমে ঘটনাটিকে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে সন্দেহ করা হলেও পরে এর পেছনে প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি সামনে আসে। শুক্রবার পরিস্থিতি মোকাবিলায় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়। শনিবার যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এফএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিসের একটি প্রত্যন্ত স্থাপনায় অন্তত একটি নতুন রাউটার স্থাপনের কারণে এ সমস্যা তৈরি হয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে ডাফি বলেন, এ ঘটনায় অদক্ষতা, ব্যবহারকারীর ভুল, স্থাপনকারীর ত্রুটি কিংবা ত্রুটিপূর্ণ রাউটার দায়ী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কী কারণে সমস্যা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এফএর নিরাপত্তাকর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন প্রফেশনাল এভিয়েশন সেফটি স্পেশালিস্টস (পাস) জানিয়েছে, শুক্রবার হালনাগাদ করা দুটি রাউটারের ত্রুটির সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে। রয়টার্সকে এক কর্মকর্তা জানিয়েছেন, রাউটার দুটি আরকানসাস ও টেক্সাসে স্থাপিত ছিল বলে ধারণা করা হচ্ছে।
এফএর এক কর্মকর্তা জানান, কাজ শুরুর আগে নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছিল। তবে ইউনিয়নটির দাবি, ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়ানো রাউটার হালনাগাদের কাজে পাসের প্রতিনিধিত্বকারী কারিগরেরা যুক্ত ছিলেন না।
এলথ্রিহ্যারিস জানিয়েছে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তদন্তে এফএকে সহযোগিতা করছে। শুক্রবার বাজার-পরবর্তী লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ কমে যায়।
যোগাযোগব্যবস্থায় অতিরিক্ত চাপ
পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, শুক্রবার বিকেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দিলে সমস্যার সূত্রপাত হয়। রাউটারের ত্রুটির কারণে বিপুল পরিমাণ তথ্য অন্য যোগাযোগকেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়ে এবং সেগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।
ডাফি বলেন, প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা হচ্ছিল। এতে উড়োজাহাজের সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি হয় এবং রাডারব্যবস্থাও বিঘ্নিত হয়।
এফএর ২২টি এন রুট সেন্টারের মধ্যে ১৭টিতে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এসব কেন্দ্র উড়োজাহাজের আকাশপথে যাত্রার সময় নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। এফএর প্রধান বেডফোর্ড জানান, কোনো কেন্দ্রের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কোনো কেন্দ্র পুরোপুরি অচল হয়ে পড়েনি কিংবা যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি।
এফএ জানিয়েছে, নতুন করে কোনো ঝুঁকি রয়েছে কি না, তা যাচাই করতে এলথ্রিহ্যারিসের সঙ্গে অতিরিক্ত পরীক্ষা চালানো হচ্ছে।
শনিবার ডেল্টা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও আমেরিকান এয়ারলাইনস তাদের প্রায় ২৫ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে জেটব্লু বাতিল করেছে প্রায় ৪৫ শতাংশ ফ্লাইট। যাত্রীদের ভোগান্তি কমাতে বিভিন্ন বিমান সংস্থা বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। এর আওতায় যাত্রীরা অতিরিক্ত খরচ ছাড়াই পরবর্তী তারিখের ফ্লাইটে টিকিট পুনর্নির্ধারণ করতে পারবেন।
শুক্রবার সন্ধ্যায় ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়নি। হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন। ফ্লাইট পুনরায় চালু করতে বিমান সংস্থাগুলো উড়োজাহাজের ক্রু ও অন্যান্য কর্মীদের নির্ধারিত স্থানে পৌঁছানোর চেষ্টা করছে। এমনকি শনিবারের ম্যাচে অংশ নেওয়ার কথা থাকা কয়েকটি কলেজ ফুটবল দলও শুক্রবার বিমান চলাচল বন্ধ থাকায় আটকা পড়ে।
বিমান চলাচলব্যবস্থা সংস্কারে ৫০ বিলিয়ন ডলার চায় সরকার
শুক্রবারের ঘটনা যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা আবারও সামনে এনেছে। পুরোনো প্রযুক্তি, যন্ত্রপাতি ও যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং কয়েক হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতির কারণে দেশটির বিমান চলাচলব্যবস্থা আগে থেকেই চাপে রয়েছে।
এ পরিস্থিতিতে বিমান নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। এর আগে তিনি ৩০ বিলিয়ন ডলার চেয়েছিলেন। গত বছর কংগ্রেস এ খাতে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার অনুমোদন করেছিল।
শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন চলতি বছর বিমান চলাচলব্যবস্থার জন্য আরও অর্থ বরাদ্দের পক্ষে অবস্থান জানান। আগামী বছর পর্যন্ত কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকলেও ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আসন বাড়ানোর ফলে পরবর্তী বছর ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।
এদিকে প্রতিনিধি পরিষদের পরিবহন ও অবকাঠামো কমিটির সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান রিক লারসেন এবং বিমান চলাচলবিষয়ক উপকমিটির সম্ভাব্য চেয়ারম্যান আন্দ্রে কারসন শনিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, এ ঘটনার জন্য প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের বিশৃঙ্খলা আর না ঘটে, তা নিশ্চিত করতে তাঁরা কাজ করবেন।
লারসেন ও কারসনের দাবি, গত বছর ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ পাওয়ার পর পরিবহন বিভাগ ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের চুক্তি দিয়েছে। তবে এখন পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১ বিলিয়ন ডলার।