হবিগঞ্জে বোরো আবাদে কৃষকদের অনাগ্রহ

ধানের ন্যায্যমূল্য না পাওয়া, আগাম বন্যা, অতিবৃষ্টি ও ইঁদুরের উপদ্রবে একের পর এক লোকসানের মুখে পড়ছেন হবিগঞ্জের বোরো চাষিরা। গত কয়েক মৌসুমের ক্ষতি কাটিয়ে উঠতে না পেরে চলতি মৌসুমে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। বিশেষ করে জেলার ভাটি অঞ্চলের বিস্তীর্ণ জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন বানিয়াচং উপজেলার স্বজনশ্রী এলাকায় গিয়ে দেখা যায়, অনেক বোরো জমি এখনো চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়নি। জমিতে পড়ে রয়েছে আগের ফসলের অবশিষ্টাংশ ও বিভিন্ন ধরনের আবর্জনা। কোথাও কোথাও জমি কচুরিপানায় ভরে গেছে। এসব পরিষ্কার করে জমি চাষের উপযোগী করতে কৃষকদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেয়ার (২৮ শতক) জমির কচুরিপানা পরিষ্কার করতে চারজন শ্রমিকের পেছনে ব্যয় হয় প্রায় দুই হাজার টাকা। এর সঙ্গে বীজ, সার, কীটনাশক, সেচ, জমি চাষ ও ধান কাটার খরচ যুক্ত হওয়ায় নতুন করে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন অনেকে।

কৃষক নব কুমার গোপ জানান, চলতি মৌসুমে তিনি আট কেয়ার জমি বর্গা নিয়েছেন। এর মধ্যে সাড়ে চার কেয়ার জমির কচুরিপানা পরিষ্কার করতে পেরেছেন। বাকি জমিতে এবার আর আবাদ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি।

গত মৌসুমের লোকসানের অভিজ্ঞতা তুলে ধরে নব কুমার বলেন, আগাম টাকা দিয়ে আড়াই কেয়ার জমি বর্গা নিয়েছিলেন তিনি। কিন্তু গত বছর ওই জমি থেকে মাত্র ২৫ মণ ধান পেয়েছেন। ইঁদুরের উপদ্রবে বাকি ফসল নষ্ট হয়ে যায়। অথচ এর আগের বছর একই জমি থেকে ৭৫ মণ ধান উৎপাদন করেছিলেন।

তিনি জানান, এক কেয়ার জমিতে ধান উৎপাদনে বীজ, কীটনাশক, সার, সেচ, জমি চাষ, আগাছা পরিষ্কার ও ধান কাটাসহ সব মিলিয়ে খরচ হয় প্রায় ১২ হাজার ৪০০ টাকা। ওই জমিতে গড়ে ২০ মণ ধান উৎপাদন হলে প্রতি মণের উৎপাদন খরচ দাঁড়ায় ৬২০ টাকা। অথচ গত বোরো মৌসুমে প্রতি মণ ধান বিক্রি করতে হয়েছে ৫০০ টাকায়। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান বিক্রি করতে হয়েছে আরও কম দামে। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হয়েছে কৃষকদের।

কৃষকদের অভিযোগ, এনজিও, মহাজন কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেশি জমিতে বোরো আবাদ করা মাঝারি শ্রেণির কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। ফসলহানি ও বাজারে কম দাম পাওয়ায় অনেকের ঋণের বোঝা এখনো কমেনি। এ অবস্থায় নতুন মৌসুমে আবার ঋণ নিয়ে চাষাবাদে নামতে চাইছেন না তারা।

সংশ্লিষ্টদের মতে, হবিগঞ্জের ভাটি অঞ্চলের কৃষকদের জীবিকার প্রধান অবলম্বন বোরো ফসল। এই একটি ফসলের ওপর নির্ভর করেই তাদের সারা বছরের সংসার খরচ, ঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমের প্রস্তুতি চলে। ফলে বোরো উৎপাদন ব্যাহত হলে কৃষকদের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়তে পারে দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়।

তবে কৃষকদের মধ্যে বোরো আবাদে অনাগ্রহের বিষয়টি স্বীকার করেননি বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, বোরো আবাদে কৃষকদের আগ্রহ কমেছে, এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই। ধানের বাজারমূল্য কিংবা জমি বর্গা নেওয়া ও দেওয়ার বিষয়টি কৃষি বিভাগের নিয়ন্ত্রণে নয়। বর্গাদারদের মধ্যে দেনা-পাওনা নিয়ে সমস্যা থাকতে পারে। মৌসুম পুরোদমে শুরু হলে স্বাভাবিকভাবেই চাষাবাদ শুরু হবে। কোনো জমি অনাবাদি থাকবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মৌসুমে হবিগঞ্জের নয়টি উপজেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৬৪৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয় বানিয়াচং উপজেলায়, যার পরিমাণ ৩৩ হাজার ৭০০ হেক্টর। অতিবৃষ্টিতে জেলায় ২৮১ হেক্টর বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত জমির পুরোটাই ছিল বানিয়াচং উপজেলায়।

এদিকে গত মৌসুমে কৃষক পর্যায় থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৮ হাজার ৯০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জেলা খাদ্য বিভাগ। এর মধ্যে ৮ হাজার ২১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতি বিকাশ ত্রিপুরা।

চলতি মৌসুমে এখনো বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। বীজতলা তৈরির কাজ শুরু হলেও কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়নি। কৃষকদের দাবি, অন্যান্য বছর এ সময়ে পাঁচ কেজি বীজ ও ২০ কেজি সার বিনা মূল্যে দেওয়া হতো। এবার এসব প্রণোদনা না পাওয়ায় চাষাবাদের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।

কৃষকদের আশঙ্কা, উৎপাদন খরচ বৃদ্ধি, ধানের ন্যায্যমূল্য না পাওয়া এবং সরকারি প্রণোদনার অভাবে এবার অনেকেই বোরো চাষ থেকে সরে দাঁড়াতে পারেন। সময়মতো কৃষকদের সহায়তা ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে হবিগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলের বোরো জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।