বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান। 

এ সময় তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে।

ফেসবুক লাইভে মাহদি হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’ 

শনিবার সকালে মাহদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পেট্রোল বোমার কোন বোতল আশপাশে পাওয়া যাইনি। আমার বোন আগুন দেখে চিৎকার দিলে আমি  ঘুম থেকে উঠি। এসময় চাচার বিদ্যুৎ মিটারে আগুন দেখতে পাই। এ সময়ও আমাদের বাড়ির চালে কেউ দুবার ঢিল মারে।

এদিকে, মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক। তিনি বলেন, পেট্রোল বোমার কোন আলামত পাওয়া যায়নি। মাহদী হাসানের বাড়ি থেকে ২০/৩০ ফুট দূরে তার চাচা আনোয়ার আলীর বাড়িতে বিদ্যুত চালিত টমটমের চার্জ দেয়া হয়। ওই বাড়ির একটি বিদ্যুৎ  মিটার সম্ভবত শর্ট সার্কিটের কারণে পুড়ে গেছে। মাহদী এ ঘটনাটিকে পেট্রোল বোমা বলে নিক্ষেপ বলে দাবি করছেন। 

ওসি আরও বলেন, মূলত চাচার বাড়িতে আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে এসে তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত