বর্ষীয়ান তেলেগু অভিনেতা গিরি বাবু আর নেই

তেলেগু সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ৬০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু চলচ্চিত্র অঙ্গনে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গিরি বাবুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এক শোকবার্তায় চিরঞ্জীবী বলেন, অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে তেলেগু চলচ্চিত্রে গিরি বাবুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অভিনয়ের স্বতন্ত্র ধরন ও নিজস্ব শৈলী দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। তার চলে যাওয়া চলচ্চিত্রশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা জানান তিনি।

পরিচালক অনিল রবিপুড়িও গিরি বাবুর বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায়ও তার অবদান স্মরণ করেন এই নির্মাতা। গিরি বাবুর অভিনীত চরিত্রগুলো সিনেমাপ্রেমীদের মনে বেঁচে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৪৩ সালের ৮ জুন অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্ম গিরি বাবুর। ১৯৭৩ সালে ‘জগমে মায়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ৫৩ বছর আগে ক্যারিয়ারের শুরুর দিকে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও পরে নায়ক ও বিভিন্ন পার্শ্বচরিত্রেও নিজের দক্ষতার পরিচয় দেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন গিরি বাবু। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘সিমহা গর্জনা’, ‘মেরুপুদাদি’ ও ‘ইন্দ্রজিৎ’। অন্যদিকে ‘রানারাঙ্গাম’, ‘ইন্দ্রজিৎ’ এবং ‘নি সুখামে নে কোরুকুন্না’র মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি।