ময়মনসিংহে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে একাধিক নেতার পদত্যাগ করেছেন। গণঅধিকার পরিষদের জেলা কমিটির তিন নেতা দল ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
পরে তারা এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। একই সময়ে ছাত্র অধিকার পরিষদের ঈশ্বরগঞ্জ উপজেলা ও ১০ নম্বর তারুন্দিয়া ইউনিয়ন শাখার একাধিক পদধারী নেতাকর্মীও পদত্যাগ করেছেন।
গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মো. কাঞ্চন আহমেদ, সাবেক সহদপ্তর সম্পাদক মো. মাসুম মিয়া এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার দল থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়েছেন।
এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে কাঞ্চন আহমেদ সাংগঠনিক সম্পাদক, মাসুম মিয়া দপ্তর সম্পাদক এবং মোফাজ্জল হোসেন সরকার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।
জানা গেছে, কাঞ্চন আহমেদ ও মোফাজ্জল হোসেন সরকার গত ১০ নভেম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণঅধিকার পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পদত্যাগের বার্তা পাঠান। এরপর ১৩ নভেম্বর একই মাধ্যমে পদত্যাগপত্র পাঠান মাসুম মিয়া। তাঁদের পদত্যাগবার্তাগুলো দলীয় প্যাডে ছিল না।
মাসুম মিয়া গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে জেলা কমিটির সহদপ্তর সম্পাদক পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চান। ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম আজহারের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে কেন্দ্রীয় নেতৃত্বের একটি অংশের অমনোযোগিতা, তৃণমূলের রাজনৈতিক মূল্যায়নের অভাব এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের যথাযথ দিকনির্দেশনা দিতে ব্যর্থতার অভিযোগ করেন তিনি।
পদত্যাগপত্রে মাসুম মিয়া আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় নেতৃত্বের উদাসীনতা ও মাঠের বাস্তবতাকে এড়িয়ে চলার প্রবণতা দলের রাজনৈতিক সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করছে। এসব বিষয় তার রাজনৈতিক আদর্শ ও নীতির সঙ্গে সাংঘর্ষিক। একই চিঠিতে দলের সাবেক নেতা নুরুল হক নুরের প্রতি শুভকামনা জানিয়ে তার নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত সুবিধাবাদীদের চিহ্নিত করে দল থেকে অপসারণের আহ্বান জানান তিনি।
অন্যদিকে, মোফাজ্জল হোসেন সরকার তার পদত্যাগবার্তায় ব্যক্তিগত ও পারিপার্শ্বিক ব্যস্ততার কথা উল্লেখ করেন। তিনি গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদ এবং ময়মনসিংহ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত জানান।
এদিকে, গত ১৩ নভেম্বর এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির অনুমোদনে ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের জন্য অনুমোদিত এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার একাধিক নেতাও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস কে জুনাঈদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কনক, উপদপ্তর সম্পাদক এস কে আরিফ, প্রচার সম্পাদক শাহিনুর কবির, সহপ্রচার সম্পাদক মো. আরিফ এবং সমাজসেবা সম্পাদক মো. নাজমুল হাসানসহ আরও কয়েকজন।এ ছাড়া ১০ নম্বর তারুন্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. মাহফুজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুপন এবং প্রচার সম্পাদক রবিন হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের পাশাপাশি সাধারণ পর্যায়ের আরও অনেক নেতাকর্মী সংগঠনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের কেউ ব্যক্তিগত, কেউ সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এসব পদত্যাগ ও দলত্যাগের বিষয়ে জানতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক
আজহারুল ইসলাম আযাহারকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
গণঅধিকার পরিষদের জেলা পর্যায়ের তিন নেতার দলত্যাগ, এনসিপির উপজেলা কমিটিতে তাদের দায়িত্ব গ্রহণ এবং ছাত্র অধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের পদত্যাগ—সব মিলিয়ে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।