জলবায়ু সুরক্ষায় ব্রাজিলের পাশে কানাডা

ব্রাজিলের নেতৃত্বাধীন বৈশ্বিক বন সংরক্ষণ তহবিলে আগামী চার বছরে সর্বোচ্চ ৩৯২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৩৯২.৫ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। খবর রয়টার্সের। 

রবিবার (১৫ নভেম্বর) কানাডা সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্রাজিলের নেতৃত্বাধীন ‘ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফ্যাসিলিটি’ (টিএফএফএফ) তহবিলে এ ফান্ড সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে এ অর্থায়নের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 

কানাডা সরকার জানিয়েছে, এই অর্থায়নের ফলে তহবিলটি কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে এগিয়ে যাবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাত থেকে আরও বিনিয়োগ আকৃষ্ট করতেও সহায়তা করবে এ প্রতিশ্রুতি।

বিবৃতিতে আরও বলা হয়, উন্নয়নশীল দেশগুলোকে ২০৩১ সালের মধ্যে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলারের বেশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন দেওয়ার যে বৃহত্তর অঙ্গীকার কানাডা করেছে, এই অর্থায়ন তারই অংশ।

গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০-এ ‘ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফ্যাসিলিটি’ চালু করা হয়। বৈশ্বিক গ্রীষ্মমণ্ডলীয় বন সংরক্ষণে অর্থায়ন বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। তহবিলটির মোট আকার ১২ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কোটি ডলার আসার কথা বেসরকারি খাতের বিনিয়োগ থেকে।

বৈঠকে কার্নি ও লুলা বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন বলে কানাডা সরকারের বিবৃতিতে জানানো হয়েছে।