কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও মানবপাচারসহ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেন কোস্টগার্ডের সদস্যরা। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যান।
পরে আভিযানিক দল পানিতে ভাসমান ৪টি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি করে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।