টেকনাফে ২ লাখ ইয়াবা-৬ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২)।

আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া গ্রামের মো. নুরুল আবছারের স্ত্রী ছেনোয়ারা বেগম (৫০), একই এলাকার মো. সিরাজের স্ত্রী দিলারা বেগম (৪০), টেকনাফের সাবরাং ইউনিয়নের ঘোলারপাড়া গ্রামের মো. হোসেন (৫০) ও একই এলাকার মো. শাকের (৪০)।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সি বিচ ও সাবরাং বিওপির সদস্যরা এই অভিযান দুটি পরিচালনা করেন।

বিজিবি জানায়, শনিবার ভোরে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকা দিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন খবর পায় বিজিবি। এর প্রেক্ষিতে রাত ১টা থেকে সাবরাং একটি বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান নেয়। রাত ১টা ৫০ মিনিটের দিকে আধুনিক থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তির একটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় রাতের অন্ধকারের সুযোগে একজন পার্শ্ববর্তী কেওড়াবাগানে পালিয়ে গেলেও অপরজনকে বস্তাসহ আটক করতে সক্ষম হয় টহল দল। পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মহেশখালী পাড়া এলাকায় শামীমা ফিলিং স্টেশনের দক্ষিণে অস্থায়ী চেকপোস্ট বসায় সি বিচ বিওপির একটি দল। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে দুই নারীর সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ঝুঁড়ির ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত