হৃদয়ের ফিফটি, লিটনের সঙ্গে জুটিতে লড়ছে বাংলাদেশ

প্রথম সেশনের বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে তৈরি হয়েছিল প্রতিরোধের ভিত। কিন্তু জমে ওঠা জুটি ভেঙে যাওয়ার পর আবারও ছন্দপতন। কাগিসো রাবাদার টানা দুই বলে তামিম ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বিদায়ে নতুন করে বিপাকে পড়ে সফরকারীরা। সেখান থেকে দলের হাল ধরেছেন হৃদয় ও লিটন দাস। এই দুই ব্যাটসম্যানের অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটিতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় সেশন শেষে ৫৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান।

দিনের প্রথম সেশনে ২৬ ওভারে ৯১ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে সেই চাপ সামলে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন তামিমদ ও হৃদয়। দুজনের ব্যাটিংয়ে বদলাতে থাকে ম্যাচের চিত্র। নতুন বলের চ্যালেঞ্জ সামলে রানের গতি বাড়ান তামিম। সাইমন হার্মারকে চার মেরে ৭৯ বলে তুলে নেন অর্ধশতক। অন্য প্রান্তে শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে থিতু হন হৃদয়ও। দুজন মিলে গড়েন ৯৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এটি।

তবে সেই প্রতিরোধে ছেদ টানেন রাবাদা। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খেলতে গিয়ে বোল্ড হন তামিম। ১০৮ বলে ১২ চারে ৬৭ রানের ইনিংসটি থামে তার। ১৫২ বল স্থায়ী জুটি ভাঙার পর ক্রিজে আসেন মুশফিক। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটারের কাছ থেকে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। রাবাদার পরের বলেই তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন তিনি। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে ৪ উইকেটে ১২১ রান থেকে ৫ উইকেটে পরিণত হয় বাংলাদেশ। নিজের ১৮তম টেস্ট ফাইফার তুলে নেন রাবাদা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে পাঁচবার ৫ উইকেট নেওয়া প্রথম বোলারও হলেন তিনি।

পরপর দুই উইকেট হারানোর ধাক্কা সামলে এরপর প্রতিরোধ গড়েন হৃদয় ও লিটন। শুরুতে কয়েকটি এলবিডব্লিউ আবেদনের মুখে পড়লেও আত্মবিশ্বাস হারাননি হৃদয়। মার্কো ইয়ানসেনকে চার মেরে সিঙ্গেল নিয়ে ৯৯ বলে অর্ধশতক পূর্ণ করেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের প্রথম ইনিংসেই ফিফটির দেখা পান তিনি। অন্য প্রান্তে লিটনও দেখেশুনে ব্যাটিং করে তাকে সঙ্গ দিচ্ছেন। হৃদয় ৬৬ ও লিটন ৩০ রানে তৃতীয় ও শেষ সেশন শুরু করবেন।