অভিষেকে প্রথম বলেই আউট রবিন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলটি খেলতে নেমেই দুঃস্বপ্নের মুখোমুখি হলেন মাহফিজুল ইসলাম  রবিন। জোহানেসবার্গ টেস্টের ম্যাচের প্রথম বলেই কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফিরে গেছেন এই তরুণ ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের জন্য ইনিংসের শুরুতেই এটি হয়ে এলো এক বড় ধাক্কা।

ক্রিকেটের সবচেয়ে এলিট ফরম্যাট দিয়ে ক্যারিয়ারের শুরুটা হলো রবিনের। তবে শুরুতেই এই চরম ধাক্কা আসার আগে চলতি জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। টুর্নামেন্টের ৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে ৬৭২ রান করে নিজেকে প্রমাণ করেই দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি।

জোহানেসবার্গ টেস্টে আজ লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের সুবাস পেয়ে দেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু কাগিসো রাবাদার গতির মুখে পড়ে খাতা খোলার আগেই থামতে হলো তাকে। রবিনের দ্রুত বিদায়ের পর উইকেটে ক্রিজ আঁকড়ে ধরে দলের ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিজ্ঞ মুমিনুল হক। প্রথম ওভারে বাকি পাঁচ বল খেলেন ডট। 

তবে রাবাদার পরের ওভারেই ফের ধাক্কা। উইকেটের পেছেনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে মুমিনুলও ফিরেছেন ০ রানে (৭ বল খেলে)। ইনিংসের শুরুতেই এই কঠিন চাপ সামলাতে এই মুহূর্তে ব্যাটিংয়ে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম বলেই পয়েন্ট অঞ্চল দিয়ে চার মেরে ইনিংসের শুরু করেছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭ রান। শান্তর সঙ্গে উইকেটের আরেক প্রান্তে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম। 

সর্বশেষ সর্বাধিক পঠিত