জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

বিএফডিসিতে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুই ফ্যাসিস্ট’। এ ঘটনাকে কেন্দ্র করে এফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার ( ১৫ নভেম্বর) বিকালে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসি গেটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চলচ্চিত্রসংশ্লিষ্ট নেতা-কর্মী ও কর্মচারীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল। এ সময় হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

ঘটনার বিষয়ে জয় চৌধুরী জানান, শিল্পী সমিতির সামনে বাইরের কয়েকজন লোক বসেছিলেন। তারা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি করায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন তারা।

জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন।’