কৃষ্ণসাগরে তিন জাহাজে ড্রোন হামলা

রোমানিয়ার কাছে কৃষ্ণসাগরে ড্রোন হামলায় তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সালিনা খালের কাছাকাছি এলাকায় শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে এসব হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার রোমানিয়ার প্রধানমন্ত্রী লুকা নিকুলেস্কু এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। 

তিনি আরও জানান, হামলার পর দেশটির সামরিক বাহিনী দুবার যুদ্ধবিমান মোতায়েন করেছে।

রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্তেফান রাদু ওপরা জানিয়েছেন, হামলার পর জাহাজগুলোতে আগুন ধরে গেলেও নাবিকেরা নিজেরাই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ন্যাটো সদস্য রোমানিয়া ও বুলগেরিয়ার কাছাকাছি বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক প্রাণঘাতী হামলার ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সামুদ্রিক সংঘাতকে আরও বিস্তৃত করছে। কৃষ্ণসাগরে ক্রমবর্ধমান এই উত্তেজনা এখন ন্যাটোর জন্যও বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠছে।

সালিনা খাল রোমানিয়ার গুরুত্বপূর্ণ নৌপথ। এটি দানিউব নদীকে কৃষ্ণসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউক্রেনও এই নৌপথ ব্যবহার করে বিভিন্ন পণ্য রপ্তানি করে।

ড্রোনগুলোর উৎস সম্পর্কে রোমানিয়ার কর্মকর্তারা নিশ্চিত করে কিছু জানাননি। তবে তাদের দাবি, এই হামলা ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের সরাসরি পরিণতি।

প্রধানমন্ত্রী নিকুলেস্কু বলেন, ‘এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতিই এসব ঘটনার প্রতিফলন।’

তবে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, হামলার শিকার তিনটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার ‘এভিয়া পেট্রোল ফাইভ’। অন্য দুটি হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মার্সল’ এবং তেলজাত পণ্যবাহী ট্যাংকার ‘আলি নাজাফভ’।