ইউক্রেনকে আর কোনও অস্ত্র দেবে না পোল্যান্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পিএম

ইউক্রেনের অন্যতম কট্টর মিত্র বলে পরিচিত প্রতিবেশী দেশ পোল্যান্ড। ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের পর থেকে কিয়েভকে পাল্টা হামলায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রসহ মিত্র ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি পোল্যান্ড ও অস্ত্র সরবরাহ করে আসছিলো।

কিন্তু সম্প্রতি শস্য আমদানি নিয়ে বিতর্কের জেরে এক সময়ের মিত্র প্রতিবেশী এই দেশটির সাথে এবার দ্বন্দ তুঙ্গে উঠেছে ইউক্রেনের। আর এরই জেরে এখন থেকে আর কিয়েভকে অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি নিউজ ও সিএনএন।

শস্য আমদানি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির একদিন পর বুধবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এক টেলিভিশন ভাষণে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত ঘোষণা করেন।

তিনি বলেন, "আমরা আর ইউক্রেনে কোন অস্ত্র সরবরাহ করছি না। আমরা এখন পোল্যান্ডকে আরও আধুনিক অস্ত্র দিয়ে সশস্ত্র করছি।"

কিয়েভ থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিবেশী তিনটি দেশ স্লোভাকিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা দায়ের করে ইউক্রেন। এর পরই এমন পদক্ষেপ নিলো পোল্যান্ড।

এর আগে জাতিসংঘে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেন যে শস্য রপ্তানি ইস্যুতে ইউরোপের কিছু দেশ এমন অবস্থান নিয়েছে, যা বাস্তবিক অর্থে রাশিয়াকেই সহায়তা করছে।

আর এই মন্তব্য ক্ষুব্ধ হয় পোল্যান্ড এবং গত মঙ্গলবার ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করে দেশটি।

মূলত গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থলপথে বিকল্প রুট খুঁজতে বাধ্য হয় ইউক্রেন। এর ফলে মধ্য ইউরোপে ইউক্রেনের প্রচুর পরিমাণে শস্য ঢুকতে থাকে। আর এর জেরে সেসব দেশের কৃষকরা তখন থেকেই প্রতিবাদ-সমাবেশ করে আসছেন।

স্থানীয় কৃষকদের রক্ষায় গত মে মাসে পাঁচটি দেশে ইউক্রেনের শস্য আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল ইউরোপীয় ইউনিয়ন। দেশগুলো হলো—পোল্যান্ড, বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়া।

ইউরোপীয় ইউনিয়নের দেওয়া এই সাময়িক নিষেধাজ্ঞা ১৫ সেপ্টেম্বর শেষ হলেও পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এই নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর এ নিয়েই ইউক্রেনের সঙ্গে দেশ তিনটির বিরোধ তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত