রাতে ফিনালিসিমা: অজেয় স্পেনকে ইংল্যান্ডের চ্যালেঞ্জ

স্বপ্নের মতো কাটানো ২০২৬ সালকে স্মরণীয় এক ম্যাচ দিয়ে বিদায় জানাতে প্রস্তুত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ও মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে লুইস দে লা ফুয়েন্তের দল। গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী এই লড়াইয়ে স্পেনের সামনে সমীকরণটা বেশ সহজ—জয় কিংবা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে তারা। অন্যদিকে, স্পেনের অবিশ্বাস্য অপরাজেয় যাত্রায় ছেদ টেনে কেবল জিতলেই গ্রুপসেরা হতে পারবে টমাস টুখেলের ইংল্যান্ড।
 
বাংলাদেশ সময় রাত পৌণে ২টায় শুরু ম্যাচটি দেখা যাবে সনি টেন ২ ও ৫ চ্যানেলে। এবং মোবাইলে ট্যাপমাড অ্যাপে। 

২০১০ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর জার্সিতে প্রথম তারকা যুক্ত করেছিল স্পেন। তবে সেবার শিরোপা জয়ের পর মেক্সিকোর বিপক্ষে ড্র এবং আর্জেন্টিনা (৪-১) ও পর্তুগালের (৪-০) কাছে বড় ব্যবধানে হেরে ছন্দ হারিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর বর্তমান স্পেন দল যেন ধরাছোঁয়ার বাইরে। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের সেই রোমাঞ্চকর জয় দিয়ে শুরু হওয়া যাত্রা আর থামেনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর থেকে টানা ১২টি ম্যাচে জিতেছে স্পেন। সব মিলিয়ে ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৪৩টি ম্যাচে অপরাজিত থাকার এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে ‘লা রোহা’রা।

২০২১ সালের জুনের পর এই প্রথম মেট্রোপলিটানো স্টেডিয়ামে খেলতে নামছে স্পেন। একবিংশ শতাব্দীর ইউরোপীয় ফুটবলের সবচেয়ে সফল দল স্পেন (তিনটি ইউরো, দুটি বিশ্বকাপ ও একটি নেশনস লিগ জয়ী) মুখোমুখি হচ্ছে টানা দুটি ইউরোর রানার্সআপ ইংল্যান্ডের। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও এই দুই দল ছিল অন্যতম প্রধান আকর্ষণ। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল খেলা হয়নি ইংল্যান্ডের, যেখানে শেষ পর্যন্ত শিরোপা জেতে স্পেন। আজকের এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে আগামী মার্চে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ মেস্তায়া নাকি ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে।

মাদ্রিদের এই রাত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সেরা তারকাদের এক মিলনমেলা। চোট কাটিয়ে স্পেন দলে ফিরেছেন সময়ের অন্যতম সেরা প্রতিভা লামিন ইয়ামাল। জাতীয় দলের হয়ে প্রায় সব বড় শিরোপা জিতলেও নেশনস লিগের ট্রফিটি এখনও অধরা তাঁর। ইয়ামালের সাথে আক্রমণভাগে থাকছেন ওয়েম্বলিতে জয়সূচক গোল করা মিকেল ওইয়ারসাবাল। অন্যদিকে, ইংল্যান্ডের আক্রমণের নেতৃত্ব দেবেন ব্যালন ডি’অর জয়ী এবং দেশের হয়ে রেকর্ড ১২৬টি ম্যাচ খেলা অধিনায়ক হ্যারি কেইন। তাঁর ঠিক পেছনেই থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার জুড বেলিংহাম।

মহারণের আগে দুই দলের জন্যই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হলুদ কার্ডের খাঁড়া। উয়েফার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব শেষে হলুদ কার্ড বাতিল না হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বহাল থাকে। স্পেনের পাঁচজন খেলোয়াড়—ফারমিন লোপেজ, আলেক্স বায়েনা, ভিক্টর মুনিয়োজ, মিকেল মেরিনো এবং পেদ্রো পোরো—একটি করে হলুদ কার্ড দেখে আছেন। আজকের ম্যাচে কার্ড দেখলে আগামী মার্চে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিষিদ্ধ হবেন তারা। রদ্রিও একই ঝুঁকিতে থাকলেও চোটের কারণে তিনি এই স্কোয়াডে নেই। ইংল্যান্ড শিবিরে এমন নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন কেবল জুড বেলিংহাম। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ইংলিশ দলে ফিরেছেন তরুণ লুইস-স্কেলি।