জেবিএবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে সাংগঠনিক অফিসে বাদ মাগরিব দোয়া, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি সাইদ ইকবাল মাহমুদ টিটো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবিএবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ বলেন, ব্যাংকিং খাতে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের ঐক্যবদ্ধ থাকা এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের উন্নয়নে ভূমিকা রাখা জরুরি। সংগঠনের সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ২০১২ সালে শুরু হওয়া জেবিএবির পথচলা আজ একটি সাংগঠনিক রূপ পেয়েছে। ব্যাংকিং খাতে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের সাবেক ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ রাখা এবং পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে সংগঠনটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক শাহজাহান বলেন, জেবিএবি কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়; বরং ব্যাংকিং খাতে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম। সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সোনালী ব্যাংক পিএলসির মসজিদের পেশ ইমাম রুহুল আমিন। 

এ সময় উপস্থিত ছিলেন জেবিএবির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইদ্রিস মিয়া, সহসভাপতি কামরুজ্জামান ইমরান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম মানিক, সোনালী ব্যাংকের জেবিএবি সভাপতি শাহজাহান সিরাজ, জনতা ব্যাংকের সভাপতি এস এফ এম মনির, অগ্রণী ব্যাংকের সভাপতি রাশিদুল ইসলাম এবং রূপালী ব্যাংকের সভাপতি নওহীদ শাওনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লখ্য, ২০১২ সালে যাত্রা শুরু করে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। তবে ২০২৪ সালের নভেম্বর মাসে সংগঠনটির আনুষ্ঠানিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে কর্মরত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের নিয়ে মূলত সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।