সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হন: চসিক প্রশাসক 

রাজনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে হলে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, স্লোগানভিত্তিক রাজনীতির বাইরে এসে তরুণদের যোগ্যতা অর্জন করতে হবে এবং নারীদের প্রতীকী প্রতিনিধিত্বের বদলে সিদ্ধান্ত গ্রহণের মূল ধারায় আনতে হবে।

রবিবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ‘নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?’ শীর্ষক এক সংলাপ ও কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শিক্ষাই একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি। বেগম খালেদা জিয়া তীব্র সমালোচনা ও প্রতিকূলতা পেরিয়ে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তা প্রমাণ করে সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন।’

নারীদের বাস্তবমুখী ক্ষমতায়নের ওপর জোর দিয়ে চসিক প্রশাসক আরও বলেন, নারীরা পরিবারের মূল ভিত্তি। তাই তাদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্রের পথচলা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য ও তরুণদের সততার সঙ্গে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, জাতীয় সংসদে সরাসরি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যেতে পারে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নাগরিকেরা সব ধরনের সুযোগ-সুবিধা পেলে দেশ উপকৃত হবে। তিনি তরুণদের ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে সর্বোচ্চ নেতৃত্বের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

পিতৃতান্ত্রিক মানসিকতা ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চনা নারীদের রাজনীতিতে আসার পথ সংকুচিত করে রেখেছে বলে মন্তব্য করেন রাঙামাটি জেলা জজ কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা। তিনি বলেন, ক্ষমতাসীনরা প্রায়ই নারী অধিকারের কথা বললেও তা অর্থবহ পদক্ষেপে রূপান্তর করেন না।

চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অশোক সাহা বলেন, নারীর প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ও নীতিই সমাজে নারীর অবস্থান নির্ধারণ করে। রাষ্ট্র প্রশ্রয় দেয় বলেই নারীরা বৈষম্যের শিকার হন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা বলেন, পরিবার থেকেই নারীদের রাজনীতিতে অংশগ্রহণে নিরুৎসাহিত করা হয়। নারীদের অবদানকে কেবল লোকদেখানো বা প্রতীকী পর্যায়ে না রেখে সিদ্ধান্ত গ্রহণে অর্থবহ ভূমিকা দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, তরুণরা সমাজের অন্যতম চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ এখনো সীমিত। রাজনীতিতে মানুষ সেবার সুযোগ বেশি থাকলেও অনেকেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সবকিছু জয় করতে চান। নিজেকে তৈরি না করে কেবল স্লোগানভিত্তিক রাজনীতি থেকে তরুণদের বেরিয়ে আসতে হবে।

সংলাপ শেষে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ রাজনৈতিক কর্মীরা নীতিনির্ধারণে নারীদের সীমিত অংশগ্রহণ ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত নানা প্রশ্ন করেন। কর্মশালায় মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার।

সিজিএসের ‘রাজনীতিতে নারী ও তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, অধিকারকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।