'আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’
গত ৮ নভেম্বর ৯টা ৫৭ মিনিটে হোয়াটসঅ্যাপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার কাছে এই বার্তা পাঠান রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলম। গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরের পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে এসব অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়-এসপি জাহাংগীর আলম টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের কাছে আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নেতাদের কাছে বিভিন্ন বার্তাও পাঠাতেন এসপি জাহাংগীর। তাঁর পাঠানো কিছু বার্তার বিবরণও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে আরও বলা হয়, ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার কাছে ইংরেজিতে একটি বার্তা পাঠান এসপি জাহাংগীর আলম। এতে তিনি লিখেন, 'স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার।’
একই দিন রাত ৯টা ৫৭ মিনিটে ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপে আরেক বার্তায় এসপি জাহাংগীর আলম লিখেন , ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সাংবিধানিক শাসনব্যবস্থার পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে কিছু তথ্য ও ডিজিটাল আলামত পাওয়া গেছে। তিনি (জাহাংগীর আলম) টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কিংবা তাঁদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাঁদের সহায়তায় বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন।'
এদিকে এসপি জাহাংগীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করে তার স্ত্রী মাসুমা আক্তার আদালতে সাংবাদিকদের বলেন, "আমার স্বামী নির্দোষ। তার মুঠোফোন হ্যাক করে কেউ একজন এসব করেছেন। আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।"
এর আগে গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ ইউনিটের একটি টিম। গ্রেপ্তারের আগে শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় জাহাংগীরের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।
এক প্রশ্নের উত্তরে বাদী পুলিশ কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী রবিবার রাত ৮ টার দিকে দেশ, রুপান্তরকে বলেন, "এসপি জাহাংগীর আলম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।"
গত শনিবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার জন্য চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়। অনুমোদন পাওয়ার পর শনিবার রাতে পাঁচলাইশ মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এর মঙ্গলবার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে এসপি জাহাংগীর আলমকে নজরদারিতে রাখে পুলিশ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘এসপি জাহাংগীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত আছেন কি না, জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘ তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত এবং বিভাগীয় তদন্ত—দুটি বিষয়ই আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর রবিবার বেলা তিনটার দিকে কড়া পুলিশ পাহারায় আদালতে তোলা হয় এসপি জাহাংগীর আলমকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জাহাংগীরের রিমান্ডের জন্য সাত দিনের সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।
এসপি জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়। তিনি ২৮তম বিসিএস মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন।