চট্টগ্রামে ‘বালুর মাঠের’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সিডিএ

চট্টগ্রাম নগরীর প্রথম আবাসিক প্রকল্প আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত ১ দশমিক ৭৩ একর আয়তনের একটি অ্যাপার্টমেন্ট প্লট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রবিবার প্লটটির প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা পে-লোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

সিডিএ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্লটটির প্রায় এক একর জায়গা অবৈধ দখলদারদের কবলে ছিল। সেখানে গ্যারেজ, দোকানপাট ও টার্ফ গড়ে তোলার পাশাপাশি মাদকের আখড়া বসেছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল। বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এলাকাটি পরিদর্শন করেন। সে সময় তিনি সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে দখলদারদের তিন দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত সময় পার হওয়ার পর আজ সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মো. মনজুর হাসান এবং অথোরাইজড অফিসার-২ তানজিব হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানে পে-লোডার ব্যবহার করে বেশ কিছু গ্যারেজ শেড, ‘রয়্যালস অটো কেয়ার’, ‘ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকার্স’, ‘এমিগো স্পোর্টস সেন্টার’ (টার্ফ ও ক্লাব), ‘নিউ রাহি ফার্নিচার মার্ট’, ‘চৌধুরী সুপার শপ’ এবং ৮ থেকে ১০টি টং দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। তবে মানবিক দিক বিবেচনায় ‘এমিগো স্পোর্টস সেন্টারের’ জেনারেটর রুম এবং ‘চৌধুরী সুপার শপের’ মালামাল সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের সময় দিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘নগরবাসীর প্রতি অনুরোধ, কেউ যেন সরকারি জায়গায় অননুমোদিত কোনো নির্মাণকাজ না করেন। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার আগে অবশ্যই জমির মালিকানা স্বত্ব ভালোভাবে যাচাই করে নেবেন।’