সেই এসপি জাহাঙ্গীর চার দিনের রিমান্ডে

গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী  শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে  যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ  ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) বিকেল  সোয়া তিনটায় চট্টগ্রাম  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ  মোস্তফার আদালত এই  রিমান্ড মঞ্জুর করেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সুপার জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর  ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স  মেসে বসবাস করতেন।

এর আগে গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নগরের পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে।  আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম  চৌধুরী বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলা হওয়ার পর চট্টগ্রাম নগর পুলিশের  স্পেশাল  রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি টিম নগরের হালিশহরে আরআরএফ অফিসার্স  মেসে গিয়ে জাহাঙ্গীরকে  গ্রেপ্তার করে। মামলাটির তদন্তভার পেয়েছে একই ইউনিট। 

মামলার এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশ না করে সিএমপির এক পুলিশ কর্মকর্তা বলেন, এসপি জাহাঙ্গীর তার মুঠোফোন  থেকে একটি বার্তা পাঠান।  সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’

এর আগে রবিবার দুপুরে নিজ কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী সাংবাদিকদের জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ডিসেম্বরে  দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ  প্রেক্ষাপটকে সামনে  রেখে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দিয়ে রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি  তৈরিরও  চেষ্টা করছিলেন জাহাঙ্গীর। প্রাথমিকভাবে এই দুটি অভিযোগের সত্যতা পাওয়ায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। 

ডিআইজি আরও জানান, এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  নেতাদের সঙ্গে এসপি জাহাঙ্গীর আলমের  যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে। আগামী ডিসেম্বরে জানবাজি রেখে মাঠে নামবেন বলে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের  নেতাদের আশ্বস্ত করেছিলেন  গ্রেপ্তার এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানান ডিআইজি।

তথ্যসুত্র জানায়, এসপি জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা এসবিতে পাঠানো হয়। 

তদন্ত কমিটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে তার দপ্তরে  ডেকে পাঠান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এবং তথ্য ফাঁসের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের আলামত পাওয়ার পর তার দুটি  ফোন জব্দ করা হয়। 

এসপি জাহাঙ্গীরের কাছ থেকে জব্দ করা দুটি মুঠোফোনের ফরেনসিক পরীক্ষায় পাওয়া প্রাথমিক তথ্যের কথা উল্লেখ করে তদন্ত কমিটির সদস্য পুলিশের এক কর্মকর্তা বলেন,  ‘একটা মেসেজে এরকম বলা হয়েছিল  যে- ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। মানে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। এরকম একটা  মেসেজ। এবং ডিসেম্বরে জানবাজি  রেখে সবাই মাঠে নামবে- এরকম একটা মেসেজও  পেয়েছি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীরের সঙ্গে এ প্রক্রিয়ায় বাহিনীর আরও কারা ছিল, একই ধরনের কর্মকান্ডে আর কেউ জড়িত কী না সেটা অবশ্যই তদন্ত করা হবে। মামলার তদন্ত হলেই জড়িতদের বিষয়ে জানা যাবে।  কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা  নেওয়া হবে।’ জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। 

২০২৪ সালের আগস্টে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের  ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে  যোগাযোগের তথ্য  পেয়ে গত ১০ নভেম্বর জাহাঙ্গীরের ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি   মুঠোফোন ফোন জব্দ করা হয়। কর্মস্থলে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।