মামলার দ্রুত নিষ্পত্তি, আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে পিরোজপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আফছার। প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান।
সম্মেলনে পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন পর্যায়ের বিচারক এবং জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
সম্মেলনে ফৌজদারি মামলার তদন্ত ও অনুসন্ধানের সমস্যা, যথাসময়ে আদালতে কেস ডায়েরি ও প্রসিকিউশন দাখিল, সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সনদ দ্রুত প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিচারক ও আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার এবং পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথি মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। পুলিশ সুপার আদালত প্রাঙ্গণের নিরাপত্তা আরও জোরদার করতে কোর্ট ইন্সপেক্টরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডোপ টেস্টের ব্যবস্থা এবং মেডিকেল সনদ প্রদানকারী চিকিৎসকদের সিলের সঙ্গে মুঠোফোন নম্বর সংযুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে মো. নুরুল আফছার দ্রুত মেডিকেল সনদ প্রদান ও সংগ্রহ এবং ডোপ টেস্টের কিট সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের মতো বিচারযোগ্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে অপরাধপ্রবণতা কমতে পারে।