পিরোজপুরে ইয়াবাসহ আটক, শ্বশুরবাড়ি থেকে ককটেল উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ এএম

পিরোজপুরে ৩০ পিস ইয়াবাসহ সোহাগ মীর (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক সোহাগ মীর সদর উপজেলার আলামকাটি এলাকার মৃত সালাম মীরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চুঙ্গাপাশা গ্রামে অভিযান চালিয়ে সোহাগ মীরকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি ককটেল এবং বিস্ফোরকজাতীয় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সোহাগ মীর বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত