ব্যাধি উপশমে জরুরি যূথবদ্ধ প্রয়াস

সাম্প্রতিক দেশে অপরাধগুলোর মধ্যে যৌতুকপ্রথার ভয়াবহতা অন্যতম। নগর-শহর বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এর বিরূপ প্রভাব প্রচ- বিপর্যস্ততা তৈরি করেছে। একদিকে অপ্রতুল সম্পদের মালিকানা, অন্যদিকে পাত্রপক্ষের অবাঞ্ছিত দাবিতে নিরীহ পরিবারগুলোর অসহায়ত্ব প্রকট আকার ধারণ করেছে। অতীতে যেটি মারধর বা নানা কৌশলে আদায়ের প্রচলন ছিল তা এখন হত্যা-আত্মহত্যার নজিরে পরিণত। পাশবিক অত্যাচার-নিপীড়ন-নির্যাতনে নারী সমাজের মর্যাদা ভয়ানক ভূলুণ্ঠিত। পরিত্রাণের কোনো পথ খুঁজে না পেয়ে জীবন থেকে পালানোর বিকল্প হিসেবে আত্মহননের মতো চরম সিদ্ধান্ত নিতেও অনেকে বাধ্য হচ্ছে। চট্টগ্রামের একটি অত্যন্ত খ্যাতিশীর্ষ অবস্থান পটিয়ার ঘটনা সচেতন মহলকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে। এর প্রতিরোধে সরকারি-সামাজিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে, এটি চৌহদ্দীবিহীন অপরাধ হিসেবে পরিগণিত হবে। আধুনিক সভ্যতার ক্রমবিকাশের ধারায় মানুষের সমাজবদ্ধ হওয়ার মৌলিক অনুষঙ্গ হচ্ছে পরিবার। জন্মের পর স্বাভাবিক বুদ্ধিমত্তার সামাজিকীকরণ প্রক্রিয়ায় সৃজন-মনন-ন্যায়পরায়ণতা-মানবিক আচরণের শিক্ষা প্রদানে পরিবারই প্রণিধানযোগ্য ভূমিকা পালন করে। বস্তুতপক্ষে যেসব প্রতিষ্ঠান সমাজ কাঠামোকে পরিশুদ্ধ করে, প্রচলিত আচার ব্যবস্থা প্রতিষ্ঠায় বিবাহ ও পরিবারই হলো এদের মধ্যে সর্বাধিক প্রাচীন এবং সমধিক গুরুত্বপূর্ণ। বেঁচে থাকার অকৃত্রিম তাগিদ থেকেই পরিবার গঠনের প্রবৃত্তি এবং শিশুর লালন-পালন পরিবারের কর্মপরিধিকে নানামুখী প্রসারিত ও সঞ্চারিত করেছে। আইনসিদ্ধ রীতিনীতি-সমাজ-ধর্ম-সংস্কৃতি কর্তৃক স্বীকৃত চুক্তি-নির্ভর স্বামী-স্ত্রীর অটুট পবিত্র বন্ধনকে কেন্দ্র করেই সমাজ আজকের উন্নত অবস্থানে উপনীত হয়েছে।

দুর্ভাগ্যজনকভাবে পবিত্র এই বন্ধনকে অনেক ক্ষেত্রে কলঙ্কিত করে আসছে যৌতুক বা পণপ্রথা। সমাজে ভয়াবহ আকার ধারণ করা এই ব্যাধির অশুভ সংক্রমণে কত পরিবারের বিনাশ এবং নারীর জীবনাবসান হয়েছে তার সঠিক পরিসংখ্যান নির্ণয় অত্যন্ত কষ্টসাধ্য। ইতিহাস পর্যালোচনায় এটি সুস্পষ্ট যে, যৌতুক প্রথা একটি অত্যন্ত পুরনো রীতি, যার সুনির্দিষ্ট কোনো উৎস বা উৎপত্তির সময়কাল পাওয়া না গেলেও প্রাচীন সভ্যতাগুলোয় এর অস্তিত্বের প্রমাণ পরিলক্ষিত।

 মেসোপটেমিয়া ও ব্যাবিলন সভ্যতায় ব্যাবিলনীয় আইনে যৌতুকের উল্লেখ পাওয়া যায়। তখন বিয়ের সময় কনের পরিবার থেকে বর বা তার পরিবারকে সম্পদ প্রদানের নিয়ম ছিল। প্রাচীন চীন এবং গ্রিসের এথেন্স নগররাষ্ট্রে বিয়ের সময় কনের পরিবার থেকে সম্পত্তি বা অর্থ দেওয়ার প্রচলন ছিল। রোমান আইনে এটি বৈধ বিয়ের জন্য বাধ্যতামূলক না থাকলেও, সামাজিক প্রথা অনুযায়ী কনের বাবা তার মেয়ের নতুন জীবন শুরুর জন্য সম্পদ বা যৌতুক প্রদান করতেন। রোমান আইনে বিভিন্ন ধরনের যৌতুকের নিয়মও নির্ধারিত ছিল। মধ্যযুগে ইউরোপে যৌতুক দেওয়া একটি অত্যন্ত প্রতিষ্ঠিত রীতি হয়ে দাঁড়ায়। টিউডর আমলের ইংল্যান্ডে রাজা-রানী ও অভিজাত পরিবারগুলোর মধ্যে রাজনৈতিক জোট গঠনের উদ্দেশ্যে বড় অংকের যৌতুকের আদান-প্রদান হতো। ১৫০১ সালে প্রিন্স আর্থারের সঙ্গে ক্যাথরিন অব অ্যারগনের বিয়েতে বিশাল অংকের যৌতুক দেওয়া হয়েছিল। প্রাচীন বৈদিক বা বৌদ্ধ যুগে ভারতের কিছু অঞ্চলে নারীদের নিজস্ব সম্পত্তি বা ধনসম্পদের ওপর অধিকার ছিল। তখন যৌতুক মূলত নারীদের নিজেদের সুরক্ষার জন্য বা আপৎকালীন সময়ে ব্যবহারের উদ্দেশ্যে বাবা-মা কর্তৃক প্রদত্ত একটি উপহার বা তহবিল হিসেবে কাজ করত। প্রাচীন ভারতীয় হিন্দু আইনে নারীদের সাধারণত পৈতৃক সম্পত্তিতে সরাসরি সমান উত্তরাধিকার দেওয়া হতো না। তাই মেয়েদের বিয়ের সময় উপহার বা নগদ অর্থ দেওয়ার যে প্রথা চালু ছিল; কালক্রমে তা বাধ্যতামূলক যৌতুক বা পণপ্রথায় রূপ নেয়। তা ছাড়া কৌলীন্য প্রথা এবং সামাজিক মর্যাদা বাড়ানোর তাগিদেও এই প্রথা ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমান সমাজে বিশেষ করে বাংলাদেশের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণির পরিবারে জাঁকজমকপূর্ণ উপহার বা সরাসরি অর্থ দাবির মাধ্যমে যৌতুকের বিস্তার অতিশয় দৃশ্যমান। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ পরিবারের পক্ষে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া প্রায় অসম্ভব। সাম্প্রতিক সময়ে দেশে যৌতুকের কারণে নির্যাতন-নিপীড়ন-হত্যা-আত্মহত্যার দৃশ্যাদৃশ্য অবলোকনে জাতি যারপরনাই উৎকণ্ঠিত।

ঐতিহাসিকভাবে যৌতুককে মেয়েদের আর্থিক নিরাপত্তার উপায় ভাবা হলেও, পর্যায়ক্রমে এটি কনের পরিবারের ওপর প্রচন্ড অর্থনৈতিক চাপ এবং নারী নির্যাতনের প্রধান কারণে পরিণত হয়েছে। বর্তমানে যৌতুক পারিবারিক সহিংসতার অন্যতম হাতিয়ার হিসেবে পরিগণিত। অনেক ক্ষেত্রে নারীরা অতিরিক্ত নিপীড়নের শিকার হয়ে আত্মহননের পথও বেছে নিচ্ছেন। বাংলাদেশে যৌতুক প্রথার কারণে নারী নির্যাতন ও মৃত্যুর ঘটনা এখনো একটি ভয়ানক জাতীয় সংকট হিসেবে প্রতিভাত। ২০২৫-২৬ সালের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিবেদনে এই চিত্র প্রতিফলিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপির সহিংসতাবিষয়ক জরিপে বিবাহিত নারীদের ওপর স্বামীর পারিবারিক নির্যাতনের  অন্যতম প্রধান কারণ হিসেবে যৌতুককে দায়ী করা হয়েছে। ২০২৪ সালে গণমাধ্যমে প্রকাশিত ইউএনডিপি পরিচালিত ‘সিস্টেম অব ডাওরি ইন বাংলাদেশ’ শীর্ষক ১০ বছরের গবেষণায় উপস্থাপিত হয়েছে যে, বাংলাদেশে শতকরা ৬০ শতাংশ বিবাহিত নারী যৌতুকের কারণে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে দেশে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হওয়া প্রায় ২৮০৮ জন নারী ও কন্যাশিশুদের মধ্যে বৃহৎ অংশজুড়ে রয়েছে যৌতুকের কারণে মারধর ও নির্যাতন।  যৌতুককেন্দ্রিক নির্যাতিত নারীদের মধ্যে প্রায় ৯৪ শতাংশই গৃহিণী, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন এবং স্বামীর পরিবারের ওপর নির্ভরশীল। উল্লেখ্য, সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলমান বছরের অক্টোবর মাসে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছেন ৭ জন নারী। তাদের মধ্যে ৬ জনকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। বিভিন্ন কেস স্টাডি বিশ্লেষণে দেখা যায়, যৌতুকের হেনস্তা এখন কেবল বিয়ের শুরুর সময়ে সীমাবদ্ধ থাকে না। মোটরসাইকেল, নগদ টাকা বা ব্যবসায় বিনিয়োগের অজুহাতে কয়েক বছর পরও প্রতিনিয়ত চাপ দেওয়া হয়। অপর সমীক্ষায় বলা হয়, যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে শারীরিকভাবে নির্যাতিত হন ৭ দশমিক ২ শতাংশ অন্তঃসত্ত্বা নারী। ২৬ অক্টোবর ২০২৬ সংবাদ মাধ্যমে প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্যানুসারে, দেশে পারিবারিক সহিংসতার জেরে প্রতি বছর ৩ শতের অধিক নারী ও শিশু প্রাণ হারান বা আত্মহত্যা করতে বাধ্য হন যার একটি বিশাল অংশের মূল কারণ থাকে বাবার বাড়ি থেকে টাকা বা সম্পদ এনে দেওয়ার চাপ। সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটে সরাসরি স্বামীর হাতে বা স্বামীর পরিবারের অন্য সদস্যের নির্যাতনে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু যৌতুক সংক্রান্ত সহিংসতার শিকার হয়েছেন ৮১ জন নারী। তন্মধ্যে ৪২ জনকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে এবং আত্মহত্যা করেছেন ৮ জন। তা ছাড়া দীর্ঘদিন যৌতুকের চাপ সহ্য করতে না পেরে বিপুল সংখ্যক নারী এক সময় বিবাহবিচ্ছেদ করতে বাধ্য হন।  

দেশে যৌতুক বন্ধে প্রথমে ‘যৌতুক নিরোধ আইন-২০১৮’ প্রণীত হয়। এই আইনের ৩ ও ৪ ধারা পর্যবেক্ষণে দেখা যায় যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ করার দন্ড হচ্ছে অনধিক ৫ বছর; কিন্তু অন্যূন ১ বছর কারাদ- বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। যে ব্যক্তি যৌতুক দেওয়া ও গ্রহণ করার ব্যাপারে সহায়তা করবেন, তিনিও একই দন্ডে দন্ডিত হবেন। পরবর্তী সময় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোরতম শাস্তির বিধান রেখে ২০০০ সালে প্রণয়ন করা হয় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এবং এই আইনে দ্রুত সুবিচারের জন্য প্রতিষ্ঠিত হয় বিশেষ ট্রাইব্যুনাল। ২০২০ সালে সংশোধিত উল্লেখ্য আইনের ১১ ধারায় বলা হয়েছে যে, যদি যৌতুকের কারণে কোনো নারীর মৃত্যু ঘটানো হয়, তাহলে তার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড। মৃত্যু ঘটানোর চেষ্টা করা হলে তার জন্য শাস্তি হবে যাবজ্জীবন কারাদন্ড। যৌতুকের জন্য মারাত্মক জখম হলে দোষী ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদন্ড অথবা অনধিক ১২ বছর; কিন্তু অন্যূন ৫ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হবেন এবং ওই দন্ডের অতিরিক্ত অর্থদন্ডে দন্ডিত হবেন। একই ধারায় আরও বলা হয়, যৌতুকের জন্য সাধারণ জখম হলে দোষী ব্যক্তি অনধিক ৩ বছর; কিন্তু অন্যূন ১ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হবেন এবং ওই দন্ডেও অতিরিক্ত অর্থদন্ডে দন্ডিত হবেন। তথাপিও নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব হয়নি, বরং নির্যাতনের ভয়াবহতা দিন দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে। যৌতুক প্রথা বিলুপ্তের পরিবর্তে ‘উপহার’ নামে নতুনরূপে আবির্ভূত হচ্ছে। যৌতুকবিরোধী আইনে উপহার আদান-প্রদান প্রমাণ করা কঠিন বিধায় অনেকেই আইন এড়াতে এ কৌশল নিচ্ছে। যৌতুক প্রথা নির্মূল করতে হলে আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি  সামাজিক আন্দোলন ও মানসিকতার পরিবর্তন আবশ্যক।

এই সামাজিক ব্যাধির উপশমে প্রয়োজন জরুরি

যূথবদ্ধ প্রয়াস। সামাজিক সব ব্যাধির মোকাবিলা শুধু আইন দিয়ে অনেক সময় কঠিন হয়, তাই দরকার সামাজিক প্রয়াসও। যৌতুক নারী নির্যাতনের একটি অনুষঙ্গ, তাই এর নিরসনে চাই সম্মিলিত প্রচেষ্টা।

লেখক : শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী

chowiu@yahoo.com