শীত আসার আগে শারীরিক নানা পরিবর্তন ঘটতে থাকে। ত্বক, চুলের রুক্ষতার পাশাপাশি শরীর বয়ে ক্লান্তি নেমে আসে। শীতের সময়েও এই ক্লান্তি থাকে দিনভর। এই বিষয়টিকে নিছক আলস্য বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। শীতের সঙ্গে সঙ্গে বদলে যায় দিনের দৈর্ঘ্য, সূর্যালোকের পরিমাণ এবং রোজের অভ্যাসও। এসব কিছুর প্রভাব পড়ে শরীরের নিজস্ব জৈবঘড়িতে। ফলে পর্যাপ্ত ঘুমিয়েও অনেকের ক্লান্তি কাটতে চায় না।
সূর্যের আলো কম পাওয়া : শরীরের একটি নিজস্ব জৈবঘড়ি রয়েছে, যা নিদ্রা ও জাগরণের সময় নিয়ন্ত্রণ করে। একে বলা হয় সার্কাডিয়ান রিদম। দিনের আলো এই ঘড়ির ছন্দ বজায় রাখে। শীতকালে দিন ছোট হয়, রাত দীর্ঘ হয়। তার ওপর ঠান্ডার কারণে অনেকেই দিনের বেশিরভাগ সময় ঘরের ভেতরে কাটান। ফলে সূর্যালোকের সংস্পর্শ কমে যায়। দিনের আলো কমে গেলে শরীরে মেলাটোনিন হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। এই হরমোন ঘুমের অনুভূতি তৈরি করতে সাহায্য করে। ফলে সকালে ঘুম ভাঙার পরও ঝিমুনি থাকতে পারে।
ব্যায়াম কম করা : শীতকালে সকালে হাঁটতে বেরোনো বা নিয়মিত ব্যায়াম করার ইচ্ছা অনেকেরই কমে যায়। বাইরে ঠান্ডা, তাই ঘরের আরাম ছেড়ে বেরোতে মন চায় না। জিমে যাওয়ার উৎসাহও কমে যেতে পারে। কিন্তু শরীরের নড়াচড়া যত কমে, আলস্যও তত বাড়ে। তাই ঠান্ডার অজুহাতে শারীরচর্চা বন্ধ করে দিলে ক্লান্তি আরও বাড়তে পারে।
ভারী খাবার ও কম পানি পান : শীতকালে গরম, মুখরোচক এবং ভারী খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। অনেকেই এ সময়ে বেশি তেল-মসলাযুক্ত খাবার খান। পাশাপাশি ঠান্ডায় তৃষ্ণার অনুভূতি কম হওয়ায় পানি পানের পরিমাণ কমে যায়। ভারী খাবার এবং শরীরে পর্যাপ্ত পানির অভাবও শীতের আলস্যের অন্যতম কারণ হতে পারে। তাই এই মৌসুমে শুধু পেট ভরে খাওয়াই নয়, খাবারের ভারসাম্য এবং পর্যাপ্ত পানি পানের দিকেও নজর দেওয়া জরুরি।
বিষন্নতা : শীতের ক্লান্তি শুধু শরীরের নয়, মনের ওপরেও প্রভাব ফেলতে পারে। ছোট দিন ও কম আলো কারও কারও মেজাজের ওপর গভীর প্রভাব ফেলে, যা সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডারের ইঙ্গিতও হতে পারে।
যা করবেন : শীতেও ঘুমের সময়ের নির্দিষ্ট রুটিন মেনে চলুন। সম্ভব হলে সকালে রোদের আলোয় হাঁটতে বেরোন। এতে শরীরের জৈবঘড়ি নিজের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে পারবে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিনের খাবারে ভারসাম্য রাখুন এবং পর্যাপ্ত পানি পান করুন।