আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে ধর্মীয় শাসনের নামে নারীদের ওপর কঠোর বিধিনিষেধের বলয় তৈরি করেছে তালেবান সরকার। পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বের না হওয়া, উচ্চ শিক্ষায় নিষেধাজ্ঞাসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের পর এবার দেশটিতে নারীদের চিকিৎসা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূলত-পুরুষ চিকিৎসক ‘মাহরাম (বিবাহ নিষিদ্ধ বা অভিভাবকতুল্য)’ না হওয়ায় নারী রোগীদের চিকিৎসা কার্যত বন্ধ হয়ে গেছে আফগানিস্তানে। নারী রোগী ও চিকিৎসকদের সাক্ষাৎকারের ভিত্তিতে ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, পুরুষ চিকিৎসকদের কাছে নারীদের চিকিৎসা নেওয়ার ওপর আনুষ্ঠানিকভাবে কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করা না হলেও, সারা দেশেই তালেবানের অঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
‘আমাদের নারী রোগীদের সরাসরি পরীক্ষা করার অনুমতি নেই। কারণ আমরা তাদের মাহরাম নই,’ বলছিলেন উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালের সার্জন সামিম। ১৫ বছর ধরে হাসপাতালটিতে কর্মরত এই চিকিৎসক আরও বলেন, চিকিৎসা প্রক্রিয়া কতটা সাধারণ বা রোগীর অবস্থা কতটা সংকটাপন্ন তাতে কিছু যায় আসে না। ৩৭ বছর বয়সী ফরিদা এ বছরের শুরুর দিকে ইরান থেকে পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরে ফিরে আসেন। এক রাতে হঠাৎ তীব্র দাঁতের ব্যথায় জেগে ওঠেন তিনি। অসহ্য ব্যথার কারণে জুলাইয়ের শুরুর দিকে ফরিদা হেরাতের বকরবাদ এলাকার একটি ডেন্টাল ক্লিনিকে যেতে বাধ্য হন। দন্ত ংংচিকিৎসক জানান, তার বেশ কয়েকটি দাঁত তুলে ফেলতে হবে এবং সেগুলোর জায়গায় কৃত্রিম দাঁত বসাতে হবে। ক্লিনিক থেকে ফরিদার জন্য একটি চিকিৎসা পরিকল্পনাও তৈরি করা হয়। এর আওতায় তাকে কয়েকবার ক্লিনিকে যেতে হতো।
তবে তৃতীয়বার যখন ইমপ্ল্যান্ট বসানোর কথা ছিল, তখন তাকে বলা হয়, ‘আমরা এখন আপনার চিকিৎসা করতে পারছি না। আপনি বাড়ি ফিরে যান। পরে আমরাই আপনাকে ডেকে নেব।’ দুদিন পর তিনি ক্লিনিকে ফোন করলে তাকে জানানো হয়, তার চিকিৎসা করা আর সম্ভব নয়। তারা বলেন, ‘পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়’ থেকে নির্দেশ এসেছে, পুরুষ চিকিৎসকরা এখন থেকে আর নারী রোগীদের চিকিৎসা দিতে পারবেন না।’ তিন মাস পেরিয়ে গেলেও ফরিদার চিকিৎসা আজও অসম্পূর্ণই রয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তালেবান নিরাপত্তা বাহিনী এই নিয়ম কঠোরভাবে কার্যকর করছে। তারা বিভিন্ন ক্লিনিকে অভিযান চালাচ্ছে। পুরুষ চিকিৎসকদের সতর্ক করা হচ্ছে যে, তাদের ক্লিনিকে যদি কোনো নারী রোগীকে পাওয়া যায়, তবে তাদের কারাদণ্ড দেওয়া হবে।
তালেবানের এই বিধিনিষেধগুলো কিছু কিছু ক্ষেত্রে চরম অযৌক্তিক পর্যায়ে পৌঁছেছে। উত্তর আফগানিস্তানের বলখ প্রদেশে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, নারী রোগীদের আসল নাম ধরে ডাকা যাবে না। পাশাপাশি নারীদের চিকিৎসক হওয়ার সুযোগও কেড়ে নেওয়া হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে নারীদের মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনা করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।