দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে ট্রাম্প প্রশাসন ২০ মাসের বেশি সময় কূটনৈতিক চেষ্টা চালালেও, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার মূল লক্ষ্য থেকে একচুলও নড়েননি। যুদ্ধের অবসানে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে মস্কো শর্ত দিয়েছে ইউক্রেন চুক্তি করতে হলে ন্যাটোকে পুরনো সীমানায় ফিরে যেতে হবে। বৈঠকে উপস্থিত এক ব্যক্তির কাছ থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস রুশ কর্মকর্তাদের দেওয়া একটি নথি হাতে পেয়েছে। সেখানে মস্কোর এই অনড় অবস্থানের কথা লেখা রয়েছে। আলোচনার বিষয়ে অবগত আরও এক কর্মকর্তা নথিটি আসল বলে নিশ্চিত করেছেন।
মস্কোর এই দাবি নতুন নয়। ২০২২ সালের শুরুতে ইউক্রেনে হামলার দুই মাস আগে রাশিয়া বেশ কিছু বড় দাবি তুলেছিল। এর মধ্যে অন্যতম ছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটো যেন রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে আসার আগে, অর্থাৎ ১৯৯৭ সালে তাদের সেনারা যেখানে ছিল, ঠিক সেখানে ফিরে যায়। পাঁচ বছরের যুদ্ধ আর কয়েক লাখ মানুষের মৃত্যুর পর এখন আরও বড় জয় নিশ্চিত করতে রাশিয়া সেই পুরনো দাবিগুলোই কোথাও কোথাও হুবহু একই ভাষায় আবার সামনে এনেছে। পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলসহ ন্যাটোর পূর্ব সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার এই দাবি ইউক্রেন আলোচনায় পুরো ইউরোপের নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। পুতিন প্রকাশ্যে যেসব কথা বলেন, তার আসল উদ্দেশ্যও এতে পরিষ্কার হয়েছে। রুশ নেতা বরাবরই জোর দিয়ে বলে আসছেন, যুদ্ধ বন্ধ করার আগে তিনি যাকে যুদ্ধের ‘মূল কারণ’ বলেন ন্যাটো ও ইউক্রেন উভয়ের প্রতি রাশিয়ার দীর্ঘদিনের ক্ষোভ তার সমাধান হতে হবে।
এ নথি থেকে আরও বোঝা যায়, ট্রাম্পের দুই দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ পুতিনকে যেসব অর্থনৈতিক সুবিধার লোভ দেখিয়েছেন, তা দিয়ে মস্কোকে এখনো নমনীয় করা যায়নি। সমালোচকরা বলছেন, এর ফলে ইউরোপ থেকে মধ্য এশিয়া পর্যন্ত সোভিয়েত আমলের মতো আধিপত্য ফিরিয়ে আনার যে পুরনো স্বপ্ন পুতিন দেখছেন, যুক্তরাষ্ট্র নিজের অজান্তেই তা পূরণে সাহায্য করার ঝুঁকিতে পড়ছে। রাশিয়া এমন সময় এই বড় দাবিগুলো তুলল, যখন আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্পের সঙ্গে পুতিনের দেখা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে তাদের দ্বিতীয় বৈঠক।
গত ১০ নভেম্বরের ওই রুশ নথিতে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হওয়া বৈঠকে মস্কোর কঠোর অবস্থানের নতুন সব তথ্য উঠে এসেছে। গত ফেব্রুয়ারির পর এই প্রথম যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা একসঙ্গে মুখোমুখি বসলেন। তাছাড়া ইউক্রেন আলোচনায় ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়ার দাবি পূরণ করতে ট্রাম্প প্রশাসন সম্প্রতি নতুন করে যে উদ্যোগ নিয়েছে, তারপর এটিই ছিল প্রথম বৈঠক। স্পর্শকাতর এই আলোচনার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ওই দুই সূত্র জানিয়েছে, নথিটি কেবল রাশিয়ার প্রাথমিক অবস্থান। তবে বৈঠকে রুশ কর্মকর্তারা এমন ইঙ্গিতও দিয়েছেন, আলোচনার স্বার্থে পুতিন এখনো কিছুটা ছাড় দিতে পারেন।