অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ

দীর্ঘ ১২৮ বছর পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে (এলএ২৮) ফিরছে ক্রিকেট। বৈশ্বিক এই আসরের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের চূড়ান্ত বাছাইপর্ব। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে নারী বিভাগের বাছাইপর্ব।

অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নেওয়ার এটিই হবে শেষ ধাপ। প্রতিটি বাছাইপর্বে আটটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। মোট ১৩টি ম্যাচের এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে এবং শিরোপাজয়ী দল নিশ্চিত করবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট।

বালির এই সভায় ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি টুর্নামেন্টগুলোর সময়সূচি বা উইন্ডোও চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ২০২৮ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। মূল পর্বের প্রায় ছয় মাস আগে বছরের প্রথম প্রান্তিকে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এর বাছাইপর্ব। তবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি। ক্রিকইনফোর তথ্যমতে, আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম ও নামিবিয়ার উইন্ডহুকে এই আসর বসতে পারে।

এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল নিয়েও সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০২৯ সাল পর্যন্ত ফাইনালগুলো ইংল্যান্ডে হওয়ার কথা আগেই জানা গিয়েছিল; এবার নিশ্চিত করা হয়েছে যে ২০৩১ সালের ১২ থেকে ১৬ জুনের ফাইনালটিও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডেই।

বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসের সুপারিশ অনুযায়ী নতুন কোনো বহুজাতিক টুর্নামেন্ট যুক্ত করার আলোচনা থাকলেও ২০৩৫ সাল পর্যন্ত ঘোষিত ক্যালেন্ডারে নতুন কোনো ইভেন্ট রাখেনি আইসিসি।

২০২১ সালেই ২০৩১ সাল পর্যন্ত টুর্নামেন্টগুলোর স্বাগতিক দেশ চূড়ান্ত করেছিল আইসিসি, এবার সেগুলোর সুনির্দিষ্ট সময়সূচি অনুমোদন দেওয়া হলো। পাশাপাশি ২০৩২ থেকে ২০৩৫ চক্রের ইভেন্ট ও সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে—যেখানে রয়েছে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০৩২ ও ২০৩৪), দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২০৩৩ ও ২০৩৫), একটি ওয়ানডে বিশ্বকাপ (২০৩৫) এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০৩৩)।

 

তবে ২০৩২ থেকে ২০৩৫ চক্রের আসরগুলোর স্বাগতিক দেশ এখনো ঘোষণা করা হয়নি এবং কোন প্রক্রিয়ায় আয়োজক নির্বাচন করা হবে তাও স্পষ্ট করেনি আইসিসি। তবে নির্ধারিত সময়সূচি বিবেচনায় ধারণা করা হচ্ছে, ওই চক্রের টুর্নামেন্টগুলো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে অনুষ্ঠিত হতে পারে।