নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ জানানো এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে ৫ সদস্যের একটি স্বাধীন অভিযোগ কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।
বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা। সে সময় তিনি নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তার স্বামী ববি হাজ্জাজ বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পাশাপাশি একজন সাবেক ক্রিকেটারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে তার নাম এখনো চূড়ান্ত করেনি বিসিবি।
নতুন কমিটির বিশেষত্ব হলো, এতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত এড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জনান, দীর্ঘদিন ধরেই এমন একটি স্বাধীন কমিটি গঠনের দাবি ছিল। এখন সেই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। যেকোনো ক্রিকেটার নির্দ্বিধায় কমিটির কাছে নিজের অভিযোগ জানাতে পারবেন।
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুসারে অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষা জোরদারের সিদ্ধান্ত জানানো হয়েছিল।
সেবার তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন বিসিবির তৎকালিন পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। এবার নতুন কমিটির মাধ্যমে নারী ক্রিকেটারদের ভয়মুক্ত পরিবেশে অভিযোগ জানানোর সুযোগ নিশ্চিত করতে চায় বোর্ড।