রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

দক্ষিণ এশিয়ার অন্যতম আলোকিত বাংলাদেশি সংগীতশিল্পী রুনা লায়লা। ছয় দশকেরও বেশি সময়ের লম্বা ক্যারিয়ারে তিনি চলচ্চিত্র, আধুনিক, পপ, গজল ও লোকগীতিসহ হাজার হাজার গানে কণ্ঠ দিয়েছেন। মাত্র ৩ দিনে ৩০টি গান রেকর্ডের এক অনন্য রেকর্ড রয়েছে তার ঝুলিতে। আগামীকাল ১৭ নভেম্বর নন্দিত এই তারকার জন্মদিন। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বেসরকারি টিভি স্টেশন চ্যানেল আই সাজিয়েছে ব্যতিক্রমী ও বর্ণিল আয়োজন। ‘রুনা মহল’ শিরোনামের এই বিশেষ অনুষ্ঠানে সুরসম্রাজ্ঞী রুনা লায়লাকে জন্মদিনের উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি আকর্ষণীয় ‘স্বর্ণের গিটার’।

সংগীতশিল্পীর হাতে এমন এক অনন্য উপহার তুলে দিতে পেরে চ্যানেল আই প্রাঙ্গণ ও পুরো আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন ও উৎসবমুখর। বিশেষ এই উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস ও আনন্দ লুকাতে পারেননি কিংবদন্তি এই শিল্পীও। অনুষ্ঠানে রুনা লায়লার হাতে স্বর্ণের গিটারটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। তারকাখচিত এই আয়োজনে শুধু কেক কাটা বা শুভেচ্ছা বিনিময়ই নয়, বরং রুনা লায়লার দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতজীবনের নানা অজানা গল্প, স্মৃতি এবং সাফল্যের অধ্যায়গুলো উঠে আসবে।  মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।