গুরুতর অসুস্থ মোহাম্মদ রফিকউজ্জামান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম

বহু গুণে গুণান্বিত স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার রাতে তাকে ভর্তি করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন রফিকউজ্জামানের স্ত্রী জিন্নাত আরা জামান। তিনি বলেন, ‘হঠাৎ তার স্বামীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কোনো কিছুই মনে রাখতে পারেন না এমনকি স্পষ্ট করে কথা বলতে পারছেন না। কথা বলতে গিয়ে জড়িয়ে যায়। গত শুক্রবার থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল (শনিবার) রাতে প্রচণ্ড পেটব্যাথা হচ্ছিল। অবস্থা জটিল মনে হওয়ায় রাত সাড়ে ১০টা-১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়েছে।

জিন্নাত আরা জামানের কাছ থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ রফিকউজ্জামান। এর আগে গেল ১০ নভেম্বর যোগাযোগ করা হলে জিন্নাত আরা জামান বলেছিলেন, ‘উনি (রফিকউজ্জামান) অনেক দিন ধরেই অসুস্থ। এরমধ্যে কয়েকববার পড়েও গিয়েছিলেন। এ কারণে তার শারীরিক অবস্থা ক্রমেই নাজুক হয়ে যাচ্ছিল। হাঁটাচলা তেমন করতে পারেন না। মনেও রাখতে পারছেন না কিছু। কথাও অল্প বলেন। ঘুম একেবারেই হয় না।’

রফিকউজ্জামানের চলতি মাসের শুরুতে ওনার ভার্টিগো রোগ ধরা পড়ে। এরপর নিউরো মেডিসিন বিশেষজ্ঞকে দেখানো হয়। চিকিৎসক প্রয়োজনীয় কিছু টেস্ট দেন। এরমধ্যে সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু রিপোর্ট খুব একটা ভালো আসেনি। গত মঙ্গলবার এমআরআই এবং ব্লাড টেস্ট করানো হয়। রিপোর্ট সম্পর্কে রবিবার গীতিকারপতœী বলেন, ‘রিপোর্ট ভালো আসেনি। চিকিৎসকরা এখনো কিছু বলেননি। আজ তারা বসে ওনার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাবেন।’ এ সময় অসুস্থ গীতকারের জন্য দোয়া চান তিনি।

আধুনিক বাংলা গানের জগতে জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ রফিকউজ্জামান। শুরুটা কবিতা লেখার মধ্যমে। পরে কলম হাতে নেন গানের কথা লিখতে। ১৯৭৩ সাল থেকে সিনেমার জন্য নিয়মিত গান লেখা শুরু করেন। রফিকউজ্জামান চলচ্চিত্রের কাহিনি-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা হিসেবেও সুপরিচিত। ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ২০২৪ সালে স্বাধীনতা পদক পান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত