সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত ফেরত দেবে

আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা হারানো পাঁচটি ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক। শুরুতে ক্ষুদ্র ও ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হলেও বড় অঙ্কের করপোরেট আমানত এখনই ফেরত দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালে আয় ও মুনাফা থেকে পর্যায়ক্রমে করপোরেট আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এসব কথা বলেছেন।

তিনি বলেন, পাঁচটি ব্যাংক স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। এ কারণে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের আওতায় ব্যাংকগুলো একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মালিকানায় একটি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, একীভূতকরণের মূল উদ্দেশ্য ছিল আমানতকারীদের সুরক্ষা দেওয়া। তারল্য সংকটের কারণে এসব ব্যাংকের আমানতকারীরা নিজেদের জমা অর্থ প্রয়োজনের সময় তুলতে পারছিলেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংকগুলোকে ব্যক্তিমালিকানার বাইরে এনে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার সিদ্ধান্ত হয়। একীভূত হওয়ার সময় পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ ছিল প্রায় দেড় লাখ কোটি টাকা।

এত বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে সরকারের পক্ষে জোগান দেওয়া বাস্তবসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, শুরুতে ব্যক্তিগত ও ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে অসুস্থ সন্তান বা জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন করতে হয়, এমন আমানতকারীদের কথা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে ব্যক্তিগত আমানতের বাইরে বিপুল পরিমাণ অর্থ করপোরেট আমানত হিসেবে জমা রয়েছে। এই মুহূর্তে এসব আমানত ফেরত দেওয়ার মতো আর্থিক সক্ষমতা সরকারের নেই।

তিনি বলেন, ব্যাংকটি এখন রাষ্ট্রের মালিকানায় রয়েছে। ফলে আমানতকারী ও প্রতিষ্ঠানগুলোকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখতে হবে। ব্যাংকটি ধীরে ধীরে ব্যবসায়িক কার্যক্রম বাড়াবে, আয় ও মুনাফা করবে। সেই আয় থেকেই পর্যায়ক্রমে বড় অঙ্কের আমানত ফেরত দেওয়া সম্ভব হবে। তবে এ বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছে না।

অন্যদিকে দেশের ব্যাংক খাতে তারল্যের বিপরীতমুখী চিত্র দেখা যাচ্ছে। একদিকে কিছু ব্যাংকের ঋণ দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তারা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের ওপর নির্ভর করে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে বেশ কিছু ব্যাংকের হাতে উদ্বৃত্ত তারল্য থাকলেও বিনিয়োগের জন্য উপযুক্ত ও আস্থাশীল গ্রাহক পাওয়া যাচ্ছে না। ফলে এসব ব্যাংকের বড় অংশের অর্থ সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ হচ্ছে।

আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত তারল্য থাকলেও বেসরকারি খাতে ঋণ দেওয়ার মতো ভালো গ্রাহকের অভাব রয়েছে। এ পরিস্থিতির প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে, যা দীর্ঘ সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, প্রথমত, উদ্যোক্তাদের জন্য স্বল্পব্যয়ের তহবিল নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ প্রয়োজন। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও বন্দর সুবিধার উন্নয়ন করতে হবে। এসব বিষয় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ ব্যাংক স্বল্পব্যয়ের তহবিল নিশ্চিত করতে কাজ করছে। অন্য সুবিধাগুলোও নিশ্চিত করা গেলে বেসরকারি খাত নতুন করে ঋণ গ্রহণ ও বিনিয়োগে আগ্রহী হবে। তখন ব্যাংকগুলোর হাতে থাকা অলস অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।