ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ এএম

বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় ১২ শতাংশ। চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ কোটি ইউরোতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯১ শতাংশ কম। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ১১ পোশাক সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের পোশাক আমদানির তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য সময়ে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ১৮২ কোটি ইউরো। অথচ একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ১৭৮ কোটি ইউরো। অর্থাৎ পুরো ইউরোপের বাজারে পোশাক আমদানির যে পরিমাণ মূল্য কমেছে, এককভাবে বাংলাদেশ তার চেয়েও বেশি রপ্তানি আয় হারিয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। মে থেকে আগস্ট সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রপ্তানি কমেছে ১ দশমিক ২৫ শতাংশ। তবে সেপ্টেম্বর মাসে আবারও ৯ দশমিক ৪৯ শতাংশ রপ্তানি কমেছে। ওই মাসে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পোশাক আমদানি কমেছিল ২ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ বাজারের তুলনায় বাংলাদেশ থেকে আমদানি কমার হার তিন গুণেরও বেশি। সেপ্টেম্বরে ইউরোপের বাজারে মোট আমদানি হ্রাসের প্রায় ৬৯ শতাংশই এসেছে বাংলাদেশ থেকে আমদানি কমার কারণে।

এদিকে আলোচ্য সময়ে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ২ দশমিক ৪৬ শতাংশ। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৭২ কোটি ইউরো। একই সময়ে পোশাক আমদানির পরিমাণ কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ। প্রতি কেজি পোশাকের গড় আমদানি মূল্য কমেছে শূন্য দশমিক ৭৮ শতাংশ, যা দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৯ ইউরো।

বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের রপ্তানি আয়ের যে পতন হয়েছে, তার অর্ধেকের কিছু বেশি এসেছে পোশাকের গড় দাম কমে যাওয়ার কারণে।

সর্বশেষ সর্বাধিক পঠিত