যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (পিআর) আইরিন জুবাইদা খান তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মিশনপ্রধানের (চার্জ দ্য এফেয়ার্স - সিডিএ) দায়িত্ব মিশনে কর্মরত ব্যক্তিদের র্যাংক ও গ্রেডে সবচেয়ে উর্ধ্বতন ব্যক্তিকে দেননি, এমন অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন, তার অধীনস্ত উপ-স্থায়ী প্রতিনিধি-১ (ডিপিআর-১) এ কে এম ওয়াহিদুজ্জামান। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে গত ১২ নভেম্বর পাঠানো এক ছুটির আবেদনপত্রে ওয়াহিদুজ্জামান এ অভিযোগ করেন।
ওয়াহিদুজ্জামান বলেন, পিআর আইরিন খান ১৩ থেকে ২২ নভেম্বর একটি সেমিনারে অংশগ্রহণের জন্য চীন থাকবেন। পিআর-এর অনুপস্থিতিতে তিনি (ওয়াহিদুজ্জামান) গ্রেড-১ পদমর্যাদার রাষ্ট্রদূত হিসেবে সবচেয়ে উর্ধ্বতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভারপ্রাপ্ত মিশনপ্রধানের দায়িত্ব তাকে না দিয়ে অপেক্ষাকৃত জুনিয়র গ্রেড-৩ পদমর্যাদার রাষ্ট্রদূত সঞ্চিতা হককে দেওয়া হয়েছে। এ কারণে আইরিন খানের অনুপস্থিতির দিনগুলোয় ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ছুটি চেয়েছেন ওয়াহিদুজ্জামান।
কূটনৈতিক কয়েকটি সূত্র জানায়, আইরিন খান তার অনুপস্থিতিতে বাংলাদেশ মিশনে ভারপ্রাপ্ত মিশনপ্রধানের দায়িত্ব সঞ্চিতা হককে দিয়ে তা জাতিসংঘ মহাসচিবের দপ্তরকে জানানোর পর ওয়াহিদুজ্জামান ক্ষিপ্ত হয়ে ছুটির এ আবেদন করেন।
দেশ রূপান্তর থেকে চীনে অবস্থানরত আইরিন খানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কথা বললে ভালো দেখাবে না। তাই আমি কোনও মন্তব্য করব না।’
গত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে আইরিন খান ও ওয়াহিদুজ্জামান উভয়কেই রাজনৈতিক বিবেচনায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের যথাক্রমে স্থায়ী প্রতিনিধি ও উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়। ওয়াহিদুজ্জামান তার পদে আইরিন খানের আগেই যোগ দেন। অন্যদিকে, পেশাদার কূটনীতিক সঞ্চিতা হক পররাষ্ট্র ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা।
সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণের জন্য নিউইয়র্ক মিশন ছেড়ে আসলে আইরিন খান স্থায়ী প্রতিনিধি হিসেবে তার স্থলাভিষিক্ত হন।
ছুটির আবেদনে বলা হয়, সালাহউদ্দিন নোমান চৌধুরী গত আগস্টে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব ত্যাগ করলে তাকে (ওয়াহিদুজ্জামান) ভারপ্রাপ্ত মিশনপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এবার জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে সঞ্চিতা হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিউইয়র্ক মিশন সূত্রগুলো জানায়, আইরিন খান ইতিমধ্যে পুরো বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে আলাপ করেছেন।
মন্ত্রণালয় ও নিউইয়র্ক মিশনের কর্মকতারা মনে করেন, ভারপ্রাপ্ত মিশনপ্রধান (সিডিএ) হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীর ওয়াহিদুজ্জামানকে দায়িত্বভার প্রদান করা এবং একই ব্যক্তিকে আইরিন খান দায়িত্বভার প্রদান না করার মধ্যে কোনোটিতেই নিয়ম ও বিধি লঙ্ঘিত হয়নি। তারা বলেন, ১৯৮৬ সালের একটি বিধি অনুযায়ী, ভারপ্রাপ্ত মিশন প্রধানের দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে দুজন কর্মকর্তা একই পদমর্যাদার হলে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। আইরিন খান চীন যাওয়ার জন্য কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে মিশনেনসিডিএ করার মতো রাষ্ট্রদূত পদমর্যাদার দুজন কর্মকর্তা - ওয়াহিদুজ্জামান ও সঞ্চিতা হক - ছিলেন। তিনি সঞ্চিতা হককে সিডিএ করেন।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্ক ত্যাগের সময় মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদার অন্য কোনও কর্মকর্তা না থাকায় ডিপিআর-১ ওয়াহিদুজ্জামানকেই দায়িত্ব দিতে হয়েছে। নিউইয়র্ক মিশনে ওয়াহিদুজ্জামান যোগদানের আগে থেকেই ডিপিআর হিসেবে পররাষ্ট্র ক্যাডারের ইশরাত আরা কর্মরত থাকলেও অপেক্ষাকৃত জুনিয়র (মিনিস্টার) পদমর্যাদার হওয়ায় তাকে সিডিএ করা হয়নি। ইশরাত আরাকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশ মিশনে ডিপিআর হিসেবে বদলি করা হয়েছে।
লিংকড-ইনে ওয়াহিদুজ্জামানের প্রোফাইল অনুযায়ী, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ও বিএনপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক। লিংকড-ইনের শনিবার রাতে নেওয়া স্ক্রিনশট অনুযায়ী, তিনি সেদিনও অধ্যাপকের দায়িত্বে ছিলেন।
দেশ রূপান্তর থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটে যোগাযোগ করা হলে ওয়াহিদুজ্জামান দাবি করেন, তিনি লিয়েনে রয়েছেন।
কূটনৈতিক একাধিক সূত্র জানায়, নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে ওয়াহিদুজ্জামান ও সঞ্চিতা হকের নিয়োগের কাগজপত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে জমা দেওয়া হলেও উক্ত দপ্তর কেবল সঞ্চিতা হককে 'ডিপ্লোমেটিক কার্ড' দিয়েছে। উক্ত কার্ডের ভিত্তিতে জাতিসংঘ মহাসচিবের কার্যালয় কেবল সঞ্চিতা হককেই ডিপিআর হিসেবে স্বীকৃতি দিয়েছে। ওয়াহিদুজ্জামানের দাবি, এ তথ্যটি 'অসত্য'।
ওয়াহিদুজ্জামানকে কেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 'ডিপ্লোমেটিক কার্ড' দেয়নি, সে বিষয়ে জানা যায়, তিনি ডিপিআর হিসেবে নিয়োগের আগে থেকেই গ্রিনকার্ডের আবেদন করে ওয়ার্ক পারমিট নিয়েছেন; 'ডিপ্লোমেটিক কার্ড' না দেওয়ার এটি একটি কারণ হতে পারে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ওয়াহিদুজ্জামান দেশ রূপান্তরকে পাল্টা প্রশ্ন করেন, '(সরকারের) কতজন মন্ত্রীর গ্রিনকার্ড আছে, তা কি জানেন?'
ওয়াহিদুজ্জামানকে যুক্তরাষ্ট্র সরকার 'ডিপ্লোমেটিক কার্ড' না দিলে, তিনি দেশটিতে কূটনীতিকদের জন্য প্রযোজ্য 'ছাড়' বা 'সুবিধা' পাবেন কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন কয়েকজন। নিউইয়র্ক মিশনের একাধিক কর্মকর্তা জানান, এ বিষয়ে আইরেন খানের 'রিজার্ভেশন' আছে। চ্যাটের পর হোয়াটসঅ্যাপে ১৬ মিনিটের কলে ওয়াহিদুজ্জামান আরও তথ্য দিলেও অফ-দ্য-রেকর্ড রাখতে অনুরোধ করায় তা প্রকাশ করা গেলো না।