গোপালগঞ্জে দিনভর বিশৃঙ্খলার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের নামও প্রস্তাব করেছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষমতাসীন বিএনপি সরকারকে উদ্দেশ করে এ মন্তব্য করেন আসিফ।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ পোস্টে লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এর প্রায় দুই ঘণ্টা পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে আসিফ লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ওই সরকারে উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ।
শুরুতে তাকে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২৪ সালের নভেম্বরে তার কাছ থেকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। ওই মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন তিনি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত আর ভোটে দাঁড়াননি।
দলটিতে শুরুতে মুখপাত্রের দায়িত্ব পালন করেন আসিফ। সর্বশেষ এনসিপির কমিটি পুনর্গঠন করা হলে তাকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।