কালিয়াকৈরে ১৩ পোশাক কারখানা বন্ধ

চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়িতে প্রায় ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গতকাল রবিবারের জন্য আরও ১৬টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।

গতকাল সকালেও গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই শান্ত হলেও গতকাল ৫০টির বেশি কারখানা বন্ধ ছিল। এদিকে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় বেকার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন শ্রমিকরা। সেক্ষেত্রে অর্থ সংকটের কারণে মহা বিপাকে পড়বেন বলে জানিয়েছেন তারা।  

এলাকাবাসী, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ-শ্রমিক সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনের কারণে গতকাল কালিয়াকৈর ও কোনাবাড়িতে অনির্দিষ্টকালের জন্য অন্তত ১৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, আহসান কম্পোজিট, রতনপুর এলাকার করণী, মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড ও কোনাবাড়ির কয়েকটি কারখানা রয়েছে। রবিবার সকালে কাজে যোগ দিতে কর্মস্থলে গিয়ে কারখানার মূল ফটকে বন্ধের নোটিস দেখে ফিরে যান শ্রমিকরা। আবার কেউ কেউ তাদের কর্মস্থল কারখানার সামনে দীর্ঘ সময় অপেক্ষা করেন। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্ধের নোটিসে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিসে আরও উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তা রক্তাক্ত ও আহত হন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে রবিবার সকালেও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় জড়ো হন শ্রমিকরা। তারা সকাল সাড়ে ৯টার দিকে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারের জন্য কালিয়াকৈর ও কোনাবাড়িতে প্রায় ১৬টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সড়ক-মহাসড়ক অবরোধ ভাঙচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

অর্থ সংকটের শঙ্কা জানিয়ে শ্রমিকরা বলেন, আমরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে বন্ধের নোটিস দেখে ফিরে যাচ্ছি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরাও চাই কারখানা খোলা থাকুক, কাজ হোক। কিন্তু কারখানা বন্ধ হলে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তার মধ্যে পড়ব।

এ ব্যাপারে গাজীপুর-২ শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকরা সকালে পৃথক স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও ১৬টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

সাভার : সাভার ও আশুলিয়ায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। গতকাল রবিবার সকাল থেকে বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা যোগ দিয়েছেন। তবে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের ৩৬টি পোশাক কারখানা গতকালও বন্ধ ছিল। এ ছাড়া পাঁচটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এদিন গণমাধ্যমকে ৩৬টি কারখানা বন্ধ থাকার তথ্য নিশ্চিত করেন।

গতকাল সকাল থেকে সরেজমিনে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও সাভারের উলাইল, হেমায়েতপুর, পদ্মার মোড় এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। অনেক কারখানার সামনে নির্ধারিত সময়ের আগেই শ্রমিকদের উপস্থিত হতে দেখা যায়। পরে পরিচয়পত্র দেখিয়ে তারা নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করেন। অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।

শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের একাধিক সূত্র জানায়, শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানার ফটকে বন্ধের নোটিস টানিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ নতুন করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সরকারের প্রতিনিধি ও মালিকপক্ষের উচিত শ্রমিকনেতা এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা। একদিকে মজুরি নির্ধারণের আলোচনা চলুক, অন্যদিকে শিল্পের উৎপাদন কার্যক্রমও অব্যাহত থাকুক।