নভেম্বর-ডিসেম্বরজুড়ে নাশকতার ছক

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ এএম

চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে নাশকতার পরিকল্পনা হাতে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে দেশ-বিদেশে পলাতক নেতাকর্মীরা জড়িত। এই দুই মাস টানা সহিংস কর্মসূচি দিয়ে সরকারকে অস্থির করাই তাদের মূল লক্ষ্য। কর্মসূচির আড়ালে যেখানে যতটুকু সম্ভব রাজপথে সক্রিয় হয়ে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ করা ছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকা- চালানোর ছকও চূড়ান্ত করা হয়েছে। এমন আশঙ্কা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার। তবে এসব তৎপরতা ঠেকাতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর হয়ে উঠেছেন। পুলিশের বিভিন্ন পর্যায়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান ও তল্লাশি জোরদার করা হচ্ছে। মূলত আওয়ামী লীগ নেতারা ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেই তারা তাদের তৎপরতা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম, গ্রুপ ও অনলাইনে নজরদারি বাড়িয়েছে। আইজিপি কর্মকর্তাদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে। 

গ্রেপ্তার নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের বরাত দিয়ে গোয়েন্দা সূত্র বলছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আগামী দেড় মাস লকডাউন, ঝটিকা মিছিল ও সর্বাত্মক অবস্থানসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে তার কর্মী কমর্থকরা। বিদেশে পলাতক নেতারা সামাজিক মাধ্যম ব্যবহার করে নির্দেশনা দিচ্ছেন এবং দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের তা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য প্রতিবেদন আকারে সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। বলা হয়েছে, গোপন নেটওয়ার্কের মাধ্যমে নাশকতার পরিকল্পনা ও সমন্বয় চলছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা বিনষ্ট, জনমনে আতঙ্ক  ও নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং সর্বোপরি সরকারকে রাজনৈতিক চাপে ফেলতেই এ তৎপরতা চালানো হচ্ছে।  নাশকতার পরিকল্পনাকারীদের তালিকা তৈরি করেছে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা সংস্থাগুলো। অর্থ জোগানদাতা অনেকের নামও গোয়েন্দ সংস্থার হাতে এসেছে, তারা এগুলো নিয়ে কাজ করছে। উসকানিদাতাসহ তালিকাভুক্ত বেশ কয়েকজন এখন পুলিশের কব্জায়। অনেকেই নজরদারিতে রয়েছেন।

কথা হয় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরার সঙ্গে। তিনি দেশ রূপান্তরকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা সংগঠন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। নাশকতাকারীদের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।

গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হাতবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত এবং ফরিদপুরে এক গাড়ি চালক নিহত হন। কঠোর নজরদারির মধ্যেও বিভিন্ন থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনস ও সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশের তথ্যানুযায়ী, ৭ থেকে ১০ নভেম্বর চার দিনে দেশের বিভিন্ন স্থানে ৬০টি ককটেল বিস্ফোরণ ও ২২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার কলকাতায় দলটির শীর্ষ নেতাদের গোপন বৈঠক হয়। পরে বৈঠকের সিদ্ধান্ত ফেসবুকে দিয়ে আট দফা দাবির পাশাপাশি ১৯ নভেম্বর সারা দেশে লকডাউনের ঘোষণা দিয়েছেন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। নারায়ণগঞ্জের পলাতক নেতা শামীম ওসমানও ডিসেম্বরে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। নেতাদের বক্তব্যে পরিস্থিতি অস্থিতিশীল করার বার্তা থাকায় নাশকতা বৃদ্ধির শঙ্কা কাজ করছে।

সূত্র জানায়, নাশকতা প্রতিরোধে পুলিশ, এসআরবি, বিজিবি ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে বিশৃঙ্খলা কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়। শিগগির আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির উচ্চপর্যায়ের সভা হওয়ার কথা। সেখান থেকে দেশজুড়ে আরও কঠোর ও সমন্বিত অভিযানের নির্দেশনা আসতে পারে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা মোকাবিলায় বিএনপিসহ দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে মাঠে থাকার পরিকল্পনাও রয়েছে। এজন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশের উচ্চপর্যায়ের সূত্র জানায়, ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনার প্রাথমিক ধাপ মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যস্ত রাখাই এর লক্ষ্য। চলতি মাসের প্রথমার্ধে অতর্কিত ককটেল নিক্ষেপ এবং সড়কের পাশে বা বাস টার্মিনালে পার্কিং করা ফাঁকা গাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা থাকলেও পরের ধাপে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকা- ব্যাহত করা ছাড়াও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে কেপিআই, বড় শিল্পকারখানা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতার পরিকল্পনা চালানোর তথ্যও উঠে এসেছে। এসব ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় ড্রোন নজরদারি, বিশেষ চেকপোস্ট ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে অনুপ্রবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশও এ বিষয়ে সর্বদা প্রস্তুত রয়েছে। এরই মধ্যে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ককটেল।

সবশেষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে গত রবিবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মসূচিতে কেউ মাঠে নামলে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশনাও দেওয়া হয়। পাশাপাশি আগামী কয়েক দিন গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি সদস্য মোতায়েন ও সক্রিয় টহলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গোয়েন্দা নজরদারি ও পুলিশ মোতায়েন বাড়ানোর নির্দেশ দেন আইজিপি আলী হোসেন ফকির। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর সীমান্ত দিয়ে সন্দেহজনক যাতায়াতের ওপরও নজরদারি বাড়াতে বলেন আইজিপি।

কয়েকটি জেলার পুলিশ সুপার জানান, নির্দেশনা মোতাবেক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন, এমন সম্ভাব্য স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে একাধিক নেতাকর্মী গ্রেপ্তারের তথ্যও জানিয়েছেন কয়েকজন এসপি।

সর্বশেষ সর্বাধিক পঠিত