মন্ত্রিসভায় শুল্কছাড় সিদ্ধান্ত

রমজানে কম দামে খেজুর, মাল্টা ও আপেল পাওয়া যাবে

আসন্ন রমজান মাসে দেশের বাজারে প্রধান তিন ফল (খেজুর, মাল্টা ও আপেল) সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আমদানিতে বড় ধরনের শুল্কছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খেজুর আমদানিতে কাস্টমস শুল্কহার বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং আপেল ও মাল্টা আমদানির মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিদ্যমান শুল্কহারে প্রতিকেজি মাল্টা ও আপেল আমদানিতে বিদেশ থেকে নিট ক্রয়মূল্য ১০০ টাকার বিপরীতে ১২১ দশমিক ৭৮ শতাংশ শুল্ক-কর পরিশোধ করে আমদানিকারকের মোট ব্যয় হয় ২২১ টাকা ৭৮ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০০ টাকা ক্রয়মূল্যের বিপরীতে ৬১ টাকা শুল্ক-কর যুক্ত হয়ে প্রতিকেজি মাল্টা-আপেল আমদানির ব্যয় পড়বে ১৬১ টাকা। অর্থাৎ কেজি প্রতি আমদানিকারকের ব্যয় কমবে ৬০ টাকা ৭৮ পয়সা। মন্ত্রিপরিষদ সভায় গৃহীত সিদ্ধান্ত কার্যকরী হলে কেজিতে ভোক্তার ব্যয়ও সমপরিমাণ (৬০ টাকা ৭৮ পয়সা) কমার কথা।

বাজারে বিদ্যমান দর অনুযায়ী রাজধানীর বড় আড়ত বাদামতলীতে যে মাল্টা ও আপেল পাইকারি বিক্রি হয় কেজিপ্রতি ১৮৫ টাকা থেকে ২৩০ টাকায়; তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬০-৩৭০ টাকা থেকে শুরু করে ক্ষেত্রভেদে ৪৫০ টাকা পর্যন্ত। এক কেজি মাল্টা বা আপেল কিনতে যে অর্থ ভোক্তাকে ব্যয় করতে হয় তা দিয়ে প্রায় ৪-৫ কেজি পর্যন্ত চাল কেনা সম্ভব। এই বিপুল অর্থ ব্যয়ের সক্ষমতা না থাকায় সারা দেশে অসংখ্য শিশু, রোগী ও বৃদ্ধ কিংবা নিম্নবিত্ত পরিবার বছরে দুই-একবারও মাল্টা-আপেল খাওয়ার সুযোগ পায় না।

একইভাবে ১ কেজি খেজুর আমদানিতে নিট মূল্য ১০০ টাকা হলে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ যোগ করে মোট আমদানি ব্যয় পড়ে ১২৫ টাকা। আমদানিকৃত বিভিন্ন রকম ও স্বাদের খেজুর বাদামতলী পাইকারি বাজারের দরের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হয় খুচরা বাজারে।

মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কাস্টমস শুল্কহার কার্যকরী হলে কেজিপ্রতি খেজুরের আমদানি ব্যয় কমে ১০৫ টাকায় নামবে। এতে করে বিক্রেতার মুনাফা ঠিক রেখেই খেজুরের দাম ২০ টাকা পর্যন্ত কমাতে পারবে। রমজান মাসে খেজুর একটি বহু ব্যবহৃত ভোগ্যপণ্য। রমজানে সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে খেজুর কিনতে কাস্টমস শুল্ক কমানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।