নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজপথে পলাতক আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়কদের  নিয়ে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

বৈঠকে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, উত্তরের সদস্য সচিব এসএম জাহাঙ্গীর হোসেন, দক্ষিণের আহ্বায়ক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা দেশ রূপান্তরকে বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে মোকাবিলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, ভাঙচুরের বিষয়টি বৈঠকে উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন আইনশৃঙ্খলার বিষয়টি প্রশাসন দেখবে। দলের নেতাকর্মীদের শুধু রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে। সতর্ক থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে বিএনপি মাসব্যাপী কর্মসূচি পালন করবে। বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

বিএনপির একজন যুগ্ম মহাসচিব দেশ রূপান্তরকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। ১ ডিসেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অঙ্গ সংগঠনগুলোর গৃহীত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে থাকার নির্দেশনা দেন। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।