চার রঙের ই-রিকশা চলবে ডিএসসিসির চার অঞ্চলে

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চলাচলের জন্য ই-রিকশার মডেল পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল রবিবার বিকেলে ভবনে ১৩টি প্রতিষ্ঠানের তৈরি ই-রিকশার বিভিন্ন মডেল পরিদর্শন করেন তিনি। এ সময় রিকশার বিভিন্ন যন্ত্রাংশ ও কারিগরি দিক পর্যবেক্ষণ করেন প্রশাসক। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রশাসক জানান, ডিএসসিসির চারটি অঞ্চলে চার রঙের ই-রিকশা চলাচল করবে। অঞ্চলভেদে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙ নির্ধারণ করা হয়েছে। এতে কোন অঞ্চলের ই-রিকশা কোন এলাকায় চলাচল করছে, তা সহজে শনাক্ত করা যাবে।

তিনি বলেন, এরই মধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশা করা ই-রিকশা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মডেলের ছবি, ব্যাটারির অবস্থা, উৎপাদনপ্রক্রিয়ার বিবরণসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্র যাচাইয়ের পর ডিএসসিসির বিশেষ দল কারখানা পরিদর্শন করবে। সন্তোষজনক ফল পাওয়া গেলে উৎপাদনের অনুমতি দেওয়া হবে। আগামী সপ্তাহে প্রথম দফায় নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে চলাচল করা পুরনো মডেলের রিকশাও বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে লাইসেন্স পেতে পারে বলে জানান প্রশাসক। তবে নির্ধারিত জোনে অনুমোদিত সংখ্যার বেশি রিকশা চলতে পারবে না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ও মালিকদের নিবন্ধন বিধিমালা অনুসরণ করেই দেওয়া হবে।