রেললাইন পারাপারে নিরাপত্তার জন্য থাকার কথা রেলগেট, দায়িত্বে থাকার কথা গেটম্যান। কিন্তু পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিংয়ে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। কোথাও রেলগেট নেই, কোথাও গেট থাকলেও নেই গেটম্যান। রেলওয়ের অনুমতি ছাড়াই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নির্মাণ করেছে অসংখ্য লেভেল ক্রসিং। জীবনের ঝুঁকি নিয়ে এসব ক্রসিং দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁঁকি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২ হাজার কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিং রয়েছে প্রায় ১ হাজার ৮০০টি। এর মধ্যে গেটম্যান রয়েছেন মাত্র ৫৭৪টিতে। অর্থাৎ, প্রায় দুই-তৃতীয়াংশ ক্রসিংয়েই নেই গেটম্যান। রেলওয়ের হিসাবে, ১ হাজার ৩০১টি লেভেল ক্রসিং বৈধ হিসেবে চিহ্নিত। কিন্তু এসব বৈধ ক্রসিংয়ের মধ্যেও নিরাপত্তাকর্মী নেই ৭২৭টিতে। ফলে অনুমোদিত ক্রসিংয়েও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটেছে ৯টি। অন্যদিকে চলতি বছরের প্রথম আট মাসে ঘটেছে ১৪টি দুর্ঘটনা। অর্থাৎ, আগের বছরের তুলনায় দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। সামান্য অসতর্কতায় যেকোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা থেকে এসব ক্রসিংয়ে ট্রেন আসার শব্দ শুনে অনেক সময় স্থানীয় বাসিন্দা কিংবা পথচারীরাই যানবাহন থামানোর দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ক্রসিং নিয়ে বারবার রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর সমাধান মিলছে না। ফলে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হচ্ছে। তারা বলেন, অনেক ক্রসিংয়ে নেই গেট, নেই কোনো সতর্ক সংকেত। ট্রেন আসার শব্দ শুনে কিংবা দূর থেকে ট্রেন দেখে পারাপার নিয়ন্ত্রণ করতে হয়।
নগরীর বহরমপুর এলাকার পথচারী ফারজানা ইসলাম বলেন, রেললাইন পার হতে সব সময় ভয় লাগে। কারণ ট্রেন কখন আসছে, অনেক সময় তা বোঝা যায় না। রেলক্রসিংয়ে গেট ও সতর্ক সংকেত না থাকায় দুর্ঘটনার আশঙ্কাও থাকে। মানুষের জীবনের নিরাপত্তার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য স্থানীয় পর্যায়ে সড়ক নির্মাণের সময় রেললাইনের ওপর দিয়ে তৈরি হয়েছে পাকা রাস্তা। জানা গেছে, সবচেয়ে বেশি অবৈধ লেভেল ক্রসিং নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন, বিভিন্ন পৌরসভাসহ একাধিক সংস্থা ক্রসিং নির্মাণ করেছে। কোথাও কোথাও একই এলাকায়, এমনকি ১০০ গজের মধ্যেও তৈরি করা হয়েছে একাধিক ক্রসিং। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ব্যক্তিগত উদ্যোগেও রেললাইনের ওপর দিয়ে তৈরি করা হয়েছে পায়ে চলার পথ।
নিরাপদ সড়ক চাই, রাজশাহীর সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, রেললাইনে চলাচলের ক্ষেত্রে যাত্রীসাধারণ ও যানবাহনকে নিজ দায়িত্বে চলাচলের নির্দেশনা থাকলেও শুধু এ নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ করা সম্ভব নয়। বর্তমান সময়ে শুধু গেটম্যানের ওপর নির্ভরশীল না থেকে লেভেল ক্রসিং ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে হবে। শীতকালে ঘন কুয়াশার মধ্যে রেললাইনে চলাচল ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, লেভেল ক্রসিংয়ে আধুনিক সংকেতব্যবস্থা, লাইটিং ও ডিজিটাল প্রযুক্তি চালু করা গেলে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। ট্রেন আসার সংকেত পেলেই স্বয়ংক্রিয়ভাবে নেমে যাবে এমন ব্যারিয়ার স্থাপনের প্রস্তাব করে তিনি এ ধরনের অবকাঠামো গড়ে তুলতে রেলওয়ে ও সংশ্লিষ্ট সড়ক নির্মাণকারী সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, রেললাইন অনেক সময় উপজেলা, ইউনিয়ন কিংবা গ্রামীণ সড়ক অতিক্রম করে। জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থেই এসব স্থানে সড়ক নির্মাণ বা উন্নয়নকাজ করতে হয়। তিনি দাবি করেন, নিয়ম অনুযায়ী, রেললাইন অতিক্রম করে কোনো সড়ক নির্মাণ বা উন্নয়নকাজ করতে হলে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়। প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই কাজ করা হয় বলেও তিনি জানান। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৪৮৭টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা এসব অবৈধ গেট তৈরি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এজাহারসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈধ লেভেল ক্রসিংয়ের মধ্যেও কিছু গেট বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে উন্নত করা হয়েছে। আগে যেখানে মাটির রাস্তা ছিল, সেখানে পরবর্তী সময়ে পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে সড়কে যানবাহনের চলাচল বেড়েছে। কিন্তু এসব উন্নয়নকাজের ক্ষেত্রে অনেক সময় রেলওয়ের অনুমতি নেওয়া হয়নি।
রেলওয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হলে দুর্ঘটনার হার আরও কমানো সম্ভব হতো বলেও তিনি উল্লেখ করেন।